কক্সবাজারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
কক্সবাজার সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
রোববার উপজেলার ইসলামাবাদ ঢালার দুয়ার এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজারমুখী এস আলম ও চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের (এসি) এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান।
এ ঘটনায় গুরুতর আহত এস আলম পরিবহনের চালক দুদু মিয়া (৪৫) ও সৌদিয়া পরিবহনের চালক মো. সারোয়ারকে (৪২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের ঈদগাঁওয়ের স্থানীয় হাসপাতাল ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই মিনহাজ।
এসআই বলেন, দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। খবর পেয়ে চকরিয়া ও কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইফতেখার মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া অন্য তিন জনকে ঈদগাঁওয়ের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
