২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

কুমিল্লা শহরে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল ‘সন্ত্রাসীর’ মধ্যে গোলাগুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 04:11 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

রোববার সকালে শহরের শুভপুরের পুলেরমাথা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে কোতয়ালী মডেল থানার ওসি খোরশেদ আলম জানান।

গুলিবিদ্ধ হৃদয় (৪) শুভপুর এলাকার রিকশা চালক মফিজ মিয়ার ছেলে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে আরও অন্তত তিনজন আহত হয়েছে বলে জানান তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার দুলাল চন্দ্র সূত্রধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটির (হৃদয়) হাতে ও পেটে গুলি লেগেছে। তার চিকিৎসা চলছে “

এছাড়া হাসিব নামের আহত একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, স্থানীয় হাসিব ও আনোয়ারের মধ্যে দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে।

এর জেরেই সকালে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে হাসিবের পক্ষের নিজাম প্রতিপক্ষ আনোয়ারকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। তখন রিকশায় করে যাওয়ার সময় শিশু হৃদয়ের হাতে ও পেটে গুলি লাগে।

দুই পক্ষের মধ্যে প্রায় ১০/১২ রাউন্ড গোলাগুলি হয়। এতে উভয় দলের অন্তত তিনজন আহত হয় বলেও জানায় এলাকাবাসী।  

তবে ওসি জানিয়েছেন, সংঘর্ষের বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।