ভ্রু কামিয়ে, চুল কেটে দিয়ে শিশু নির্যাতনের অভিযোগ
দেশের কয়েকটি স্থানে শিশু নির্যাতনের ঘটনায় সমালোচনার মধ্যেই জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক শিশু শ্রমিকের ভ্রু ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক হোটেল মালিকের বিরুদ্ধে।
আক্কেলপুর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, শনিবার উপজেলা সদরের ‘মেগা হোটেল অ্যান্ড ফাস্ট ফুড’ নামের একটি খাবারের দোকানে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার সাজ্জাদ হোসেন (১২) আক্কেলপুর পৌর এলাকার শাহেদারপাড়ার শহর আলীর ছেলে।
এ ঘটনায় রোববার সাজ্জাদের বাবা শহর আলী আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। হোটেল মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি জানান, এক বছর আগে থেকে সাজ্জাদ হোসেন ওই খাবার হোটেলে কাজ করত। গত ৩/৪ মাস আগে থেকে সে কাজ ছেড়ে দেওয়ায় হোটেলের মালিক আব্দুল মতিন ‘ক্ষুব্ধ হন’।
শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ঘটনা জানালে তার বাবা তাকে থানায় নিয়ে অভিযোগ করলে পুলিশ হোটেল মালিক আব্দুল মতিন, কর্মচারী রুবেল ও সেলুন মালিক সুমনকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে সামিউল ইসলাম রাজন নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করে কয়েকজন। এরপর গত ৪ অগাস্ট খুলনা নগরীর টুটপাড়ায় একটি গ্যারেজে মলদ্বার দিয়ে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় মো. রাকিব হাওলাদার নামের ১২ বছর বয়সী আরেক শিশুকে।
পরদিন বরগুনার তালতলী উপজেলায় মাছ চুরির অভিযোগে রবিউল আউয়াল নামে ১০ বছরের এক শিশুকে শাবল দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
৭ অগাস্ট চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় জিন ছাড়ানোর নামে তিন বছরের এক শিশুকে পিটিয়ে হত্যা করে তার বাবা-মা।
রোমহর্ষক এসব হত্যাকাণ্ডের পর শিশু নির্যাতনের আরও কয়েকটি ঘটনা খবরের শিরোনামে আসে। এই প্রেক্ষাপটে নির্যাতনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অধিকারকর্মীরা।
