চট্টগ্রামে প্রকাশ্য রাস্তায় রাজমিস্ত্রী খুন
চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় মোটরসাইকেলে করে এসে রাস্তায় এক পথচারীর মাথায় আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সদরঘাট থানার এসআই মো. সালেক জানান, রোববার সকালে কদমতলী পোড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ (৩৫) পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
এসআই সালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় লোকজন জানিয়েছে, আজিজ সকালে মাঝিরঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে এসে তিনজন লোক পেছন থেকে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়।”
দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আজিজকে মৃত ঘোষণা করেন।
আজিজের মাথায় কী দিয়ে আঘাত করা হয়েছিল স্থানীয়রা তা বুঝতে পারেননি বলে এস আই খালেক জানান।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বলেন, “সকালে মাথায় আঘাতপ্রাপ্ত আজিজকে তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে এসেছিলেন। এখানে তাকে মৃত ঘোষণা করা হয়।”
নিহত আজিজের সহকর্মী মুসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাঝিরঘাট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে তাদের সঙ্গে আজিজও কাজ করছিলেন।
“সকালে কাজে যাওয়া সময় পোড়া সমজিদ এলাকায় রাস্তার পাশে মানুষের জটলা দেখে আমরা সেখানে যাই। আজিজকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে আসি।”
