একাত্তর টিভির রেকর্ড আদালতে, শুনানি মঙ্গলবার
বিচারাধীন বিষয় নিয়ে একাত্তর টেলিভিশনে সম্প্রচারিত খবরের ভিডিও এবং সেখানে শোনানো দুই বিচারকের কথিত কথোপকথনের অডিও টেপ দাখিল করা হয়েছে আপিল বিভাগে।
রোববার আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন বেঞ্চে একাত্তর টেলিভিশনের ওই ভিডিও -অডিও সিডি সম্বলিত খাম জমা দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মঙ্গলবার (১৮ অগাস্ট) বিষয়টি আদেশের জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে।
পরে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, জনকণ্ঠের বিষয়ে শুনানি যেদিন শেষ হল, সেদিন একাত্তর টেলিভিশন কিছু সম্প্রচার করেছিলেন, যেটা প্রধান বিচারপতির কিছু কথোপকথন নিয়ে এবং অন্যান্য টক শোতে এ বিষয়ে নানা রকম বক্তব্য রাখা হয়েছে। এটার সম্বন্ধে আপিল বিভাগ ৭১ টেলিভিশনে সেদিন কী কী প্রচার করা হয়েছিল, এই বিষয়ে জানার জন্য তাদের কাছে ওই দিনকার ভিডিও-সিডি ট্রান্সক্রিপশন চেয়েছিলেন।
“আজ (রোববার) সকালে একাত্তর টেলিভিশনের পক্ষ থেকে একজন সাংবাদিক আমাকে ভিডিও-সিডি এবং ভেতরে কাগজে কিছু ট্রান্সক্রিপশন- এগুলো একটি খামবন্ধ অবস্থায় আমার হাতে হস্তান্তর করেছেন। সকালে আদালত বসার সঙ্গে সঙ্গে আমি এটা উল্লেখ করে আদালতের কাছে হস্তান্তর করেছি।”
“আদালত বলেছেন, এটা রাখা হল। এটা উনারা দেখে পরবর্তী আগামী মঙ্গলবার দিন আবার এই বিষয়টি তালিকায় থাকবে। তখনই প্রয়োজনীয় নির্দেশ বা আদেশ দেওয়া হবে।”
অ্যাটর্নি জেনারেল বলেন, “সেদিন (১০ অগাস্ট) বিকেলে তারা লিড নিউজ করেছে এই খবরটা। যেই সিডিটা আদালতে বাজাতে দেওয়া হয়নি, সেটাকেই তারা সম্প্রচার করেছে এবং টকশোতেও এসব সম্বন্ধে আলাপ-আলোচনা করেছেন।স্বাভাবিকভাবেই বিচারাধীন কোনো বিষয়ে কোনো রকম সম্প্রচার করা বা আলাপ-আলোচনা করা বা অভিমত ব্যক্ত করা এটা সঠিক না। এটা আদালতকে প্রভাবিত করার সামিল বলে আদালত সব সময় গণ্য করেন। সেজন্যই তাদের সম্প্রচারের সিডিটা চেয়ে পাঠিয়েছিলেন এবং এটা আদালত দেখবেন, দেখে পরবর্তী সময়ে আদেশে দেবেন।”
আদালতে রেকর্ড উপস্থাপনের সময় একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় উপস্থিত ছিলেন।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায়ের আগে বিচারকদের কথিত ভূমিকা নিয়ে গত ১৬ জুলাই দৈনিক জনকণ্ঠে স্বদেশ রায়ের লেখা একটি নিবন্ধ প্রকাশিত হয়।
‘সাকার পরিবারের তৎপরতা: পালাবার পথ কমে গেছে’ শিরোনামে ওই লেখায় আদালত অবমাননা হওয়ায় গত ১৩ অগাস্ট জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ এবং নিবন্ধের লেখক স্বদেশ রায়কে সাজা দেয় সর্বোচ্চ আদালত।
রায়ের আগে আপিল বিভাগের বৃহত্তর বেঞ্চে এ বিষয়ে শুনানির সময় জনকণ্ঠের আইনজীবী একটি অডিও রেকর্ডের শ্রুতিলিখন উপস্থাপন শুরু করেন, যা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলা এবং মওদুদ আহমদের বাড়ি নিয়ে মামলার বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে অন্য এক বিচারকের কথোপকথন বলে আইনজীবীর দাবি।
একাত্তর টেলিভিশন ১০ অগাস্ট অবমাননা মামলা নিয়ে তাদের প্রতিবেদনে ওই অডিও টেপ সম্প্রচার করে। রাতে তাদের সংবাদ বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘একাত্তর জার্নাল’- এ ওই টেপের বিষয়ে আলোচনাও হয়।
ওই অনুষ্ঠান নজরে আসায় পরদিন আদালত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের মতামত শোনে। এরপর একাত্তর টেলিভিশনকে ১৬ অগাস্টের মধ্যে ভিডিও ও অডিও টেপ জমা দিতে বলা হয়।
