বাড্ডায় তিন খুনের ঘটনায় মামলা
রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে।
নিহত স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাহিত্য বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান গামার বাবা মতিউর রহমান বাদী হয়ে শনিবার রাতে এই মামলা দায়ের করেন।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। তবে কারও নাম উল্লেখ না করা হয়নি।
বৃহস্পতিবার রাতে বাড্ডার আদর্শনগর পানির পাম্পের কাছে গামাসহ কয়েকজন আড্ডা দেওয়ার সময় সন্ত্রাসীরা হামলা চালায়।
তাদের গুলিতে আহত চারজনের মধ্যে তিনজনকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে রাতেই ঢাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামসু মোল্লা (৪৫) এবং উত্তর বাড্ডার একটি বেসরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ আহমেদ মানিক (৪৫) মারা যান। পরদিন সকালে গামার (৪০) মৃত্যু হয়।
এ ঘটনায় শনিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
