চট্টগ্রামে ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী খুন
চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী এক কিশোর খুন হয়েছে।
ইপিজেড থানার এসআই মো. সাইয়েম আহমেদ জানান, শনিবার বিকালে নগরীর ইপিজেড থানার ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবু (১৫) চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি পোশাক কারখানার শ্রমিক ছিল। সে পিরোজপুর জেলার নয়ারহাটের লতিফ চেয়ারম্যান বাড়ির মো. মোশাররফের ছেলে।
এ ঘটনায় বাবুর বন্ধু মনির হোসেনকে (১৫) আটক করেছে পুলিশ।
এসআই মো. সাইয়েম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ব্যাংক কলোনি এলাকার একটি গলির ভেতর মনির হোসেন বাবুর পেটে ছুরিকাঘাত করে।
“স্থানীয়রা বাবুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে নিয়ে যায়।”
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুরিকাহত বাবুকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই সাইয়েম বলেন, “বাবু ও মনির একসঙ্গে চলাফেরা করত। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মনির বাবুর পেটে ছুরি মারে।
“প্রাথমিকভাবে মনে হচ্ছে মনির মাদকাসক্ত। মাদক নিয়েই বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।”
