সৈয়দপুরে আরও এক পুলিশের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে পুলিশবাহী একটি পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় আহত আরও এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
নিহত ফারুক হোসেন সৈয়দপুর থানায় কর্মরত ছিলেন। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বেলপাশা গ্রামের আব্দুল হাশেম হাওলাদারের ছেলে।
নীলফামারীর সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ এস এম সাজেদুর রহমান জানান, শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়।
শুক্রবার রাতে সৈয়দপুর শহরের অদুরে ঢেলাপীর-পোড়ার হাট সড়কের রেলগেটে ট্রেনের সঙ্গে পুলিশের পিকআপ ভ্যানের সংঘর্ষের পর রাতেই সৈয়দপুর থানার তিন কনস্টেবলের মৃত্যু হয়।
এরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাওয়ার হাউজ কলোনি গ্রামের আকবর আলীর ছেলে সামসুল আলম ও চিরিরবন্দর উপজেলার আব্দুল্লাহ্পুর গ্রামের আনছার আলীর ছেলে শরিফুল ইসলাম এবং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াসী হাজীরভিটা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাইদুল ইসলাম।
পুলিশ কর্মকর্তা সাজেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে গোপন তথ্য পেয়ে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল নিয়ে সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেনের নেতৃত্ব ১৫ সদস্যের পুলিশের দল একটি অভিযানে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিল।
“রাত সাড়ে ১১টার দিকে ঢেলাপীর-পোড়ার হাট রেলগেট পার হওয়ার সময় নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে পিকআপের পেছেনের অংশে। এসময় ঘটনাস্থলেই নিহত হন কনস্টেবল সামসুল ইসলাম।”
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেনসহ আহত ১০ জনকে সৈয়দপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে শরিফুলের মৃত্যু হয়।
মধ্য রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মাইদুল ইসলামের মৃত্যু হয়।
এ ঘটনায় অপর আহতরা হলেন- সৈয়দপুর থানার এসআই নাজমুল হোসেন, এএসআই আব্দুল আজিজ, কনস্টেবল রিপন চন্দ্র চৌধুরী, মো. সাদ্দাম হোসেন, মো. কবির হোসেন, ও পিকআপ ভ্যানের চালক মোকছেদ আলী।
এদের মধ্যে প্রথম চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকি তিন জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দুর্ঘটনার খবর পেয়ে নীলফামারী পুলিশ সুপার মো. জাকির হোসেন খান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ও হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
জাকির হোসেন খান সাংবাদিকদের বলেন, “নিহত পুলিশ সদস্যদের দাফন সম্পন্ন করার জন্য তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারকে ১৫ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে।”
ট্রেন-ভ্যান সংঘর্ষে তদন্ত কমিটি
এদিকে সৈয়দপুরে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পুলিশ ভ্যানের সংর্ঘষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ।
চার সদস্যের এই কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার বিকালে রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা (পাকশী) আফজাল হোসেন জানান, শুক্রবার রাতে সৈয়দপুরের ওই দুর্ঘটনায় তদন্তে গঠিত কমিটিতে রয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী) শওকত জামিল মহসী, বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক, বিভাগীয় যান্ত্রিক কর্মকর্তা (লোকো) কামরুজ্জামান, বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা (পাকশী) মুসলেম উদ্দীন।
সৈয়দপুর রেলওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, “শুক্রবার রাতের ঘটনাটি দুঃজনক। ওই ক্রসিংয়ে সেখানে কোনো গেইট এবং গেইটম্যান না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।”
সৈয়দপুর-চিলাহাটি রেলপথের ওই রেলক্রসিংটি ১৬ বছর ধরে অরক্ষিত রয়েছে। সেখানে সাবধানে চলাচলের জন্য সাইবোর্ড টানানো হয়েছে, যাতে লেখা রয়েছে, ‘পথচারি ও সকল প্রকার যানবাহেনর চালক নিজ দায়িত্বে পারাপার করিবেন এবং কোনরূপ দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দিতে নিজে বাধ্য থাকিবেন।’
