সৈয়দপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩
নীলফামারীর সৈয়দপুরে পুলিশের একটি পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছে।
শুক্রবার রাতের এই ঘটনায় সৈয়দপুর থানার ওসিসহ আরও অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে ওই থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন-সৈয়দপুর থানার কনস্টেবল সামসুল, শরিফুল ও মাহিদুল।
এসআই নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৈয়দপুর থানার একটি পিকআপ ভ্যান রাত সাড়ে ১১টার দিকে ঢেলাপীর রেলক্রসিং পার হওয়ার সময় নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস সেটিকে ধাক্কা দেয়।
এতে পিকআপে থাকা সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেনসহ নয় পুলিশ সদস্য আহত হন।
তাদের উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে কনস্টেবল সামসুল মারা যান।
পরে সেখান থেকে আহত পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে কনস্টেবল শরিফুল ও মাহিদুলের মৃত্যু হয়।
ক্ষতিগ্রস্ত পুলিশ ভ্যানের একাংশ।
দুর্ঘটনার পর জড়ো করে রাখা হয়েছে পুলিশের হাতিয়ার।
ওসি ইসমাইল ছাড়া বাকীরা রংপুর মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে নজরুল ইসলাম বলেন, তাদের সবার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সৈয়দপুর থানার উপ-পরিদর্শক কার্তিক বলেন, আসামি ধরার জন্য রাতে তারা পোড়ারহাট গ্রামে যাচ্ছিলেন। পিকআপ ভ্যানে ওসিসহ আট-থেকে নয়জন ছিলেন। একইসঙ্গে মটরসাইকেলে তিনিসহ দুজন ছিলেন।
ঢেলাপীর রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রেন আসতে দেখে তিনি মটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে গেলেও পিকআপ চালক ক্রসিংয়ের উপর গাড়ি উঠিয়ে দেন।
“পিকআপ ভ্যানটি ক্রসিংয়ের অন্যপ্রান্ত পেরোনোর সময় ট্রেন এসে সেটির পিছন দিকে ধাক্কা দেয়।”
ট্রেন এলে যান চলাচল বন্ধের জন্য ওই রেলক্রসিংয়ে ‘ব্যারিয়ার’ নেই বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল জানিয়েছেন।
