২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরকীয়ার অভিযোগে নারীকে জুতামালা, মারধর

আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় এক পোশাক শ্রমিককে পরকীয়ার সন্দেহে মুখে কালি মেখে চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 08:31 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

এরই মধ্যে এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, আশরাফুল ইসলাম ও তার স্ত্রী আশা বেগম।

আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বলেন, আশরাফুল ইসলাম ও ওই নারী ডিইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সেই সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে বলে অভিযোগকারী জানিয়েছেন।  

“শুক্রবার সন্ধ্যায় ওই পোশাক শ্রমিক আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় বেড়াতে গেলে সহকর্মী আশরাফুলের সঙ্গে তার দেখা হয়। পরে আশরাফুল তাকে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়।”

ওই সময় আশরাফুলের স্ত্রী আশা বাড়িতে ছিলেন না।

ওসি জানান, পরে আশরাফুল খাবার কিনতে গেলে তার স্ত্রী বাড়িতে এসে ওই নারীকে ঘরে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় স্বামীর সাথে পরকীয়া রয়েছে এমন সন্দেহে কানিজ ফাতেমাকে মারধর শুরু করে সে। এক পর্যায়ে সে ওই বাড়ির মালিক ফিরোজা বেগমের সহযোগিতায় তার মাথার চুল কেটে, গলায় জুতার মালা পরিয়ে, মুখে কালি মেখে বাড়ির সামনে ঘোরায়।
 

এ ঘটনায় মধ্যরাতে ওই নারী বাদী হয়ে সহকর্মী আশরাফুল, তার স্ত্রী আশা ও বাড়ি মালিক ফিরোজা বেগমকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

শনিবার সকালে পুলিশ আশরাফুল ও আশাকে গ্রেপ্তার করলেও ফিরোজা পলাতক রয়েছেন।