মদন মোহনে ছাত্র হত্যা: প্রণজিতের জবানবন্দি
সিলেটের মদন মোহন কলেজের ছাত্র আবদুল আলী হত্যা মামলার প্রধান আসামি প্রণজিত দাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার দুপুরে সিলেট মহানগর হাকিম আনোয়ারুল হকের আদালতে জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন।
ছাত্রলীগ কর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে গত বুধবার সকালে ছুরিকাহত হন মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল আলী (১৯)। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আব্দুল আলীর বাবা আলকাস মিয়া বাদী হয়ে নয় জনকে আসামি করে একটি মামলা করেন।
পুলিশ কর্মকর্তা মোশারফ বলেন, ঘটনার দিনই চন্ডিপুল এলাকা থেকে প্রণজিতকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আদালতে জবানবন্দি দেন তিনি।
“প্রণজিত আদালতকে জানিয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল আলীর পেটে ছুরি দিয়ে পর পর চারটি আঘাত করেন তিনি।”
