২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিশ্চল সেরনিয়াবাত হত্যা মামলা

উদ্যোগের অভাবে ১৬ বছর ধরে ঝুলে আছে আওয়ামী লীগ নেতা আবদুর রব সেরনিয়াবাতসহ আটজনকে হত্যার মামলার শুনানি।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 12:37 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে মিন্টো রোডে তৎকালীন মন্ত্রী সেরনিয়াবাতের পরিবারের সদস্যদেরও হত্যা করা হয়েছিল। সেরনিয়াবাত ছিলেন বঙ্গবন্ধুর ভগ্নিপতি।  

সেরনিয়াবাত হত্যাকাণ্ডে অভিযুক্ত ১৬ আসামির মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি ২০১০ সালে কার্যকর হওয়ায় পর ওই মামলাটি সচলে কোনো তৎপরতা নেই।

মামলার বাদী সেরনিয়াবাতের ছেলে সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহান আরা বেগম বলছেন, মামলার শেষ দেখে যেতে চান তিনি।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করলে পঁচাত্তরের হত্যাকাণ্ডের বিচারের পথ খোলে।  

সেরনিয়াবাতের ছেলে মামলা করার পর ১৯৯৭ সালের ৩০ জুলাই পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ১৯৯৯ সালের ৪ অক্টোবর অভিযোগ গঠন করেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা আদালতের তৎকালীন বিচারক অমর কুমার রায়।

কিন্তু আসামি বজলুল হুদার আবেদনে ২০০০ সালে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। এরপর থেকে মামলাটি নিশ্চল। ইতোমধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় হুদার ফাঁসি কার্যকর হয়েছে।

ষাটোর্ধ্ব সাহান আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আদালতে গিয়ে সাক্ষ্য দিতেও প্রস্তুত আছি। কিন্তু মামলাটি সচলে কেউই আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।”

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় চাইলে স্থগিতাদেশ বাতিলের উদ্যোগ নিতে পারে।

বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি। 

উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মামলার আসামিদের মধ্যে অনেকের বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজা হয়েছে। তবে এই মামলারও বিচার নিষ্পত্তি করতে হবে।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনা কর্মকর্তা কয়েক দলে ভাগ হয়ে বঙ্গবন্ধু ভবন, সেরনিয়াবাতের বাড়ি ছাড়াও কলাবাগানে শেখ ফজলুল হক মনির বাড়িতে হত্যাকাণ্ড চালিয়েছিলেন। এছাড়া কামান থেকে ছোড়া গোলায় মোহাম্মদপুরে নিহত হয়েছিলেন কয়েকজন। 

সেরনিয়াবাতের বাড়িতে তিনি ছাড়াও নিহত হয়েছিলেন ভাই শহীদ সেরনিয়াবাত, আরিফ সেরনিয়াবাত, বোন বেবী সেরনিয়াবাত, হাসানাত আবদুল্লাহর চার বছরের ছেলে বাবু সেরনিয়াবাত, গৃহকর্মী লক্ষ্মীর মা, পটকা ও আবদুর নঈম খান নামে একজন।

Image
বরিশালে কীর্তনখোলা নদীর উপর নির্মিত এই সেতুটি আবদুর রব সেরনিয়াবাতের নামে

বরিশালে কীর্তনখোলা নদীর উপর নির্মিত এই সেতুটি আবদুর রব সেরনিয়াবাতের নামে

হাসানাত আবদুল্লাহ ও সাহান আরাও সেদিন ওই বাড়িতে ছিলেন। কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি।

সাহান আরা বলেন, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা ওই দিন শ্বশুরের মিন্টো রোডের সরকারি বাড়িতে ছিলেন। বরিশালের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলও সেরনিয়াবাতের সঙ্গে দেখা করতে গিয়ে ওই বাড়িতে থেকে গিয়েছিলেন।

সেদিন ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে হামলা হয়েছিল বলে জানান তিনি।

“হঠাৎ গুলির শব্দ পেয়ে দরজা বন্ধ করে দিই।…মেজর শাহরিয়ার, মেজর আজিজ পাশা, ক্যাপ্টেন আব্দুল মাজেদ ও ক্যাপ্টেন নূরুল হুদা জোর করে দরজা ভেঙে ঘরে ঢোকে। আমাদের সবাইকে অস্ত্রের মুখে একই কক্ষে এনে রাখে। মেজর শাহরিয়ার ও ক্যাপ্টেন মাজেদ গুলি করলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ি। তখন ননদ বিউটি পাশে থাকা আমার শ্বশুরকে ‘আব্বা’ বলে জড়িয়ে ধরলে মেজর আজিজ পাশা আবারও গুলি করে।”

১৪ অগাস্ট রাতে পূর্ব পরিচয়ের সূত্রে ভোলার বাসিন্দা ক্যাপ্টেন মাজেদ মিন্টো রোডের বাড়িতে গিয়ে সেরনিয়াবাতের সঙ্গে দেখা করেছিলেন বলে জানান সাহান আরা। 

তিনি বলেন, সেদিন ক্যাপ্টেন মাজেদের সঙ্গে মেজর শাহরিয়ার ও মেজর আজিজ পাশাও গিয়েছিলেন মাজেদের চাকরি পুনর্বহাল নিয়ে কথা বলতে। 

সেরনিয়াবাত হত্যার মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তারা হলেন- সুলতান শাহরিয়ার রশিদ, নূরুল হুদা, সৈয়দ ফারুক রহমান, মহিউদ্দিন আহমেদ, আবদুল আজিজ, আবদুল মাজেদ, খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, বজলুল হুদা, এবিএমএইচ নূর চৌধুরী, এ কে এম মহিউদ্দিন আহমেদ, রাশেদ চৌধুরী, শরফুল হোসেন, কিসমত হোসেন ও কিসমত হাশেম। তাদের সঙ্গে আসামি তাহের উদ্দিন ঠাকুরও।

এদের মধ্যে ২০১০ সালে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ, বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিনের ফাঁসি কার্যকর হয়েছে। তাহের উদ্দিন ঠাকুর মারা গেছেন, বাকিরা পলাতক রয়েছেন।