২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গীপাড়ায় শেখ হাসিনার শ্রদ্ধা

ঢাকায় বঙ্গবন্ধু জাদুঘর এবং বনানী কবরস্থান হয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 11:36 AM

Updated : 12 Oct 2022, 04:09 PM

পুরনো খবর:

গভীর শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ

শনিবারে সকাল সোয়া ১০টায় শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে দোয়া ও মোনাজাতেও অংশ নেন বঙ্গবন্ধুকন্যা। বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন। 

টুঙ্গীপাড়ায় প্রথমে সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেন শেখ হাসিনা। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলের করুণ সুরে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

ফুল দিয়ে প্রধানমন্ত্রী নীরবে কিছুক্ষণ সমাধির পাশে দাঁড়িয়ে থাকেন। এরপর বিশেষ মোনাজাত হয়। তখন ছোট বোন শেখ রেহানাকে পাশে ডেকে নেন তিনি।

Image
কবরস্থানে স্বজনদের কবরে ফুল ছিটাচ্ছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। দুই বোন পরে যান টুঙ্গীপাড়ায় বাবার সমাধিতে শ্রদ্ধা জানাতে

কবরস্থানে স্বজনদের কবরে ফুল ছিটাচ্ছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। দুই বোন পরে যান টুঙ্গীপাড়ায় বাবার সমাধিতে শ্রদ্ধা জানাতে

পরে শেখ রেহানা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলের সভানেত্রী হিসেবে আবার সমাধিতে ফুল দেন শেখ হাসিনা।

এরপর একে একে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা ফুল দেন।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এছাড়া তিন বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালকও জাতির জনকের সমাধতে ‍ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমও।