‘মিথ্যা জন্মদিন’ পালন থেকে সরতে হবে খালেদাকে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মিথ্যা জন্মদিন’ পালন করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে চট্টগ্রামের একটি সংগঠন।
শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ থেকে ভবিষ্যতে পালন না করার ঘোষণা দিতেও তার প্রতি আহ্বান জানায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সংগঠনের বৃহত্তর জোট’।
মানববন্ধনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, “১৫ অগাস্ট মিথ্যা জন্মদিনসহ পাঁচটি জন্ম তারিখের অধিকারী বেগম জিয়াকে অবিলম্বে এ হাস্যকর জায়গা থেকে সরে আসতে হবে।
“অবিলম্বে তিনি মিথ্যা জন্মদিন পালন না করার ঘোষণা না দিলে কঠোর আন্দোলনসহ আইনি ব্যবস্থা গ্রহণে বাধ্য হব।”
শুধু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই খালেদা জিয়া ১৯৯৬ সাল থেকে হঠাৎ করেই ১৫ অগাস্টে ‘মিথ্যা ও বির্তকিত’ জন্মদিন পালন শুরু করেন বলেও দাবি করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জোটের আহ্বায়ক এবং ক্রীড়া সংগঠক দিদারুল আলম।
বঙ্গবন্ধু লেখক সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শওকত বাঙ্গালির সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী মো. হারুন বক্তব্য রাখেন।
