মারধর-ভাংচুর: চট্টগ্রাম-কক্সবাজার বাস বন্ধ ৫ ঘণ্টা
চট্টগ্রামের বহদ্দারহাট টার্মিনালে ‘ছাত্রলীগকর্মী পরিচয় দিয়ে’ একদল যুবকের ভাংচুরের পর দক্ষিণ চট্টগ্রামসহ বান্দরবান ও কক্সবাজার রুটে পাঁচ ঘণ্টা বাস বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা।
টার্মিনালের পরিবহন শ্রমিক নেতারা জানান, টিকেট কাটতে আসা একদল যুবক এক কাউন্টারের প্রতিনিধিকে মারধর ও বাস ভাংচুর করলে সকাল ১০টা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়।
পরে পুলিশ দোষীদের বিচারের আশ্বাস দিলে বেলা ৩টা থেকে আবার চলাচল শুরু হয়।
চট্টগ্রাম-কক্সবাজার দক্ষিণাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্ববায়ক মো. মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একদল যুবক সকাল সাড়ে ৯টার দিকে এস আলম পরিবহনের কাউন্টারে গিয়ে কক্সবাজারের টিকিট চায়। বাসের পেছনের দিকের সিট পাওয়ার পর তারা সামনের দিকে আসন দাবি করে।
“সামনের দিকে আসন খালি না থাকায় কাউন্টার ব্যবস্থাপক তাদের পরের বাসে যাওয়ার পরামর্শ দেন। এতে উত্তেজিত হয়ে আরও কিছু যুবককে ডেকে এনে তারা ব্যবস্থাপকককে মারধর করে।”
সে সময় একটি বাসেও ভাংচুর চালানো হয় জানিয়ে পরিবহন শ্রমিক নেতা মুসা বলেন, “এর প্রতিবাদে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়।”
টিকিট নিতে আসা যুবকরা নিজেদের ছাত্রলীগকর্মী পরিচয় দিয়ে হামলা চালায় বলেও অভিযোগ করেন মুসা।
তিনি বলেন, “পুলিশ দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। এ কারণে বেলা ৩টা থেকে আমরা আবার বাস ছেড়েছি।”
চান্দগাঁও থানার ওসি সাইরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রীদের সঙ্গে হাতাহাতির কারণে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখে।”
হামলাকারীরা ছাত্রলীগ কর্মী কিনা জানতে চাইলে ওসি বলেন, “আমি তাদের অভিযোগ দিতে বলেছি। অভিযোগের ওপর ভিত্তি করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
