বঙ্গবন্ধু হত্যার কুশীলব খুঁজতে ‘কমিশন’ গঠনের দাবি
সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পেছনে সাজাপ্রাপ্তদের বাইরে আর কেউ জড়িত রয়েছে কি না তা খুঁজে বের করতে ‘কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার রাজধানীতে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই দাবি তুলেন তিনি।
আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দ্রুত দেশে ফিরেয়ে এনে সাজা দিতে হবে। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের পেছনে আর কারা জড়িত ছিল- তার রহস্য উদঘাটন করতে হবে।
এই রহস্য উদঘাটনে একটি কমিশন গঠনের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট রাতের অন্ধকারে সেনাবাহিনীর একদল সদস্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেন।
বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের, বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু; বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত ও রিন্টু, পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান ও বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিলও নিহত হন সেই রাতে।
২০১০ সালের ২৮ জানুয়ারি সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড পাওয়া ১২ আসামির মধ্যে পাঁচ জনের ফাঁসি কার্যকর হয় ।
এরা হলেন- সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মুহিউদ্দিন আহমদ (আর্টিলারি), বজলুল হুদা ও একেএম মহিউদ্দিনের (ল্যান্সার) ফাঁসির রায় কার্যকর হয়।
বাকি সাত জনের মধ্যে আব্দুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা গেছেন। অন্যদের মধ্যে এম রাশেদ চৌধুরী ও মোসলেম উদ্দিন যুক্তরাষ্ট্রে আছেন, এস এইচ এম বি নূর চৌধুরী আছেন কানাডায়। আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম ও আব্দুল মাজেদ অবস্থান পরিবর্তন করে বিদেশে পলাতক।
সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এই সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ব ম ফারুক ও অধ্যাপক আশফাক হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এম মালেক।
