জাল নোটের বিস্তার নিয়ে উদ্বেগে ঢাকা-দিল্লি
জাল নোটের বিস্তার নিয়ে বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা বাহিনী সমানভাবে উদ্বিগ্ন বলে এক যৌথ ঘোষণায় বলা হয়েছে।
জাল নোটের বিস্তার ঠেকাতে ঢাকায় উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের সভা শেষে এ যৌথ ঘোষণা দেওয়া হয়।
বৈঠকের বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক মো. মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ ও ভারতের অপরাধীরা একই সূত্রে গাঁথা। ভারত জাল রুপি নিয়ে উদ্বিগ্ন। আমরা ভারত থেকে আসা ফেনসিডিল ও আগ্নেয়াস্ত্র নিয়ে উদ্বিগ্ন।”
সীমান্ত দিয়ে নানা অপরাধ সংগঠিত হলেও জাল নোটকে কেন্দ্র করে সংগঠিত অপরাধ বিবেচনায় নিলে দুই দেশের অপরাধীদের মধ্যে সখ্যতার প্রমাণ পাওয়া যায় বলে জোর দিয়ে বলেন দিনি।
বুধবার পুলিশ সদরদপ্তরে শুরু হওয়া দুদিনব্যাপী আলোচনায় ভারতের পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) মহাপরিদর্শক এসকে সিংহ। বাংলাদেশের পক্ষে ছিলেন অতিরিক্ত আইজিপি মো. মোখলেছুর রহমান।
জাল নোটের বিস্তার রোধে গঠিত টাস্কফোর্সের এটি দ্বিতীয় সভা। গত বছর ভারতে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। তখন দুই দেশ জাল নোট তৈরির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে ও তথ্য আদানপ্রদান করতে একমত হয়।
মোখলেছুর রহমান বলেন, “জাল মুদ্রা তৈরিকারীদের একটি তালিকা হচ্ছে। আমরা তাদের ডাটাবেজ তৈরি করবো। এগুলো একে অন্যকে দিয়ে সহযোগিতা করবো।”
এসকে সিংহ বলেন, “দুদিন আমাদের মধ্যে খুব আন্তরিক আলোচনা হয়েছে। ফেইক কারেন্সি একটা প্রধান সমস্যা।”
