২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতকে খাটো করা, কুৎসা রটানো অবমাননাকর

আদালতের কর্তৃত্ব ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, কুৎসা রটানো, বিচারক বা বিচার কার্যক্রম নিয়ে উদ্দেশ্যমূলকভাবে জন আস্থা বিনষ্ট করলে আদালত অবমাননার অভিযোগে আদালত বিচার শুরু করতে পারবে বলে এক রায়ে বলা হয়েছে।

মহিউদ্দিন ফারুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 10:27 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বৃহস্পতিবার আপিল বিভাগের বৃহত্তর বেঞ্চ জনকণ্ঠ পত্রিকার বিরুদ্ধে উত্থাপিত আদালত অবমাননার রায়ে বলেছে, “যদি কোনো ব্যক্তি আদালতের কর্তৃত্বকে অবজ্ঞা করে বা আদালতের ভাবমূর্তি খাটো করে বা আদালত বা বিচারক সম্পর্কে কুৎসা রটায়, বা বিচার প্রশাসনে হস্তক্ষেপ করে, বা কোনো বিচারক বা বিচার কার্যক্রম নিয়ে ধারণাবশত কোনো মন্তব্য করে জনগণের আস্থা বিনষ্ট করে তবে তার বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরুর ক্ষমতা আদালতের আছে।”

আদালত অবমাননার দায়ে দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে দোষী সাব্যস্ত করে দেওয়া আদেশে আদালত একথা বলেছে।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার রায়ের আদেশ অংশ ঘোষণা করে।

বেঞ্চের অপর পাঁচ সদস্য হলেন-বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদেশে বলা হয়, “ওই নিবন্ধে (জনকণ্ঠে প্রকাশিত নিবন্ধ) গুরুতর আদালত অবমাননার সব ধরনের  উপাদান আছে। জনকণ্ঠের সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ (এম এ খান মাসুদ) ও নির্বাহী সম্পাদক ও নিবন্ধ লেখক স্বদেশ রায়কে আদালত অবমাননার জন্য দোষী সাব্যস্ত করা হল। আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদের আদালত চলাকালীন আদালতকক্ষে অবস্থানের দণ্ডাদেশ দেওয়া হল। জরিমানা হিসেবে তাদের প্রত্যককে সাতদিনের মধ্যে দুটি দাতব্য প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা করে দিতে বলা হল। অন্যথায় তাদের সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হল।”

Image
অবমাননার দায়ে সাজা ভোগ শেষে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের দেখে হাত তোলেন জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ। ছবিতে তার ডান পাশে মোবাইল ফোন হাতে জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, যার লেখা নিয়ে এ মামলা।

অবমাননার দায়ে সাজা ভোগ শেষে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের দেখে হাত তোলেন জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ। ছবিতে তার ডান পাশে মোবাইল ফোন হাতে জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, যার লেখা নিয়ে এ মামলা।

এর আগে ১৬ জুলাই জনকণ্ঠে ‘সাকার পরিবারের তৎপরতা: পালাবার পথ কমে গেছে’ শিরোনামে নিবন্ধ ছাপা হয়। পরে ২৯ জুলাই আপিল বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে জনকণ্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়ে ব্যাখ্যা জানাতে তাদের আদালত হাজির হতে নির্দেশ দেয়।

রুলের ওপর রবি ও সোমবার শুনানি শেষে আপিল বিভাগ ১৩ অগাস্ট রায়ের দিন ধার্য করে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার আদালত আদেশ দেয়।

আদালতে জনকণ্ঠের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিচারপতিদের আসনগ্রহণের পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রায়ের আদেশ অংশ পড়ে শোনান প্রধান বিচারপতি এস কে সিনহা। জনাকীর্ণ আদালতে সাত মিনিট আদেশ অংশ ঘোষণা করা হয়।

আদালতকক্ষে বিপুল সংখ্যক আইনজীবী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সকাল ৯টার কিছু আগে আদালত কক্ষে আসেন জনকণ্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদক। রায় ঘোষণার পর থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত আদালত কক্ষে অবস্থান করে দণ্ড ভোগ করেন তারা।

আপিল বিভাগের আদেশ

আদেশে আদালত বলে, আবেদনটি আদেশ দিয়ে নিষ্পত্তি করা হল। জনগণ, বিচারপ্রার্থী, আইনজীবী, ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক মাধ্যমে (সোশ্যাল মিডিয়ার) ব্যক্তিদের মধ্যে আদালত অবমাননার দায়ে যে কোনো ব্যক্তিকে সাজা দেয়ায় এ আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ প্রেক্ষাপটে আদালত মনে করে যথাযথ কিছু গাইডলাইন দেওয়ার, যা পূর্ণাঙ্গ রায়ে থাকবে। এ অবস্থায় আমাদের মনে হয়েছে, ১৯২৬ সালের আদালত অবমাননার আইন এই আদালতের জন্য প্রযোজ্য নয়। এই প্রেক্ষাপটে আমরা মাহমুদুর রহমান মামলায় আমাদের মতামত দিয়েছি। এরপর বিভিন্ন গণমাধ্যমে টকশোতে সুশীল সমাজ, প্রখ্যাত আইনজীবী অংশ নিয়ে বলেছেন, আদালত অবমাননার আইনটি সেকেলে, এটা সংশোধন করা প্রয়োজন।

..এর সূত্র ধরে আমরা মনে করি, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ যে কোনো আইন করতে পারে, এমনকি সংবিধান সংশোধনও করতে পারে। তবে তার বাস্তব সম্মত ও সীমারেখার মধ্যে থেকে। তবে সংসদ নিজের মতো করে সংশোধন ক্ষমতা প্রয়োগ করতে পারে না। আামাদের সংবিধান নিজেই সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত। জাতীয় সংসদ ও সুপ্রিমকোর্ট সংবিধান বলে সৃষ্ট। এসব প্রতিষ্ঠান কেউ কারো ঊর্ধ্বে নয়। সংবিধান সব সময় সংশোধনযোগ্য, তবে তা মৌলিক কাঠামো পরিবর্তন করে নয়।

সংবিধানের ৭ (২) অনুচ্ছেদে বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি সংবিধানের সঙ্গে অসামঞ্জস্য হয় তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে।

সংসদ সংবিধান সংশোধন করতে পারে বা কোনো আইন তৈরি করতে পারে। তবে তা যদি সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয় তবে তা বাতিলযোগ্য। কোনো সংশোধনী বা আইন কার্যকর করার ক্ষেত্রে সাংঘর্ষিক কিছু থাকলে সে বিষয়ে এই আদালতের সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রয়েছে। এই ক্ষমতা সংবিধান নিজেই দিয়েছে।

সংবিধানের ৩৯  অনুচ্ছেদে নাগরিকের চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হয়েছে। তবে সেটা হবে রাষ্ট্রের নিরাপত্তা, শিষ্টাচার বা নৈতিকতা বা আদালত অবমাননার সঙ্গে সম্পর্কিত আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বিধিনিষেধ সাপেক্ষে। এটা বলতে হয়, আদালতে বিচারাধীন কোনো বিষয় নিয়ে কোনো কিছু প্রকাশ করার অর্থ হচ্ছে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার প্রবণতা। চূড়ান্ত শুনানির আগেই বিচারাধীন মামলার সংশ্লিষ্ট ব্যক্তির সম্পর্কে জনমনে পূর্বধারণা দেওয়া আদালত অবমাননা।  

আরও বলা হয়, এর কার্যকারিতা নির্ধারণ করতে গিয়ে দেখা যায়, সম্পাদক বা প্রকাশকের ওই প্রকাশনার উদ্দেশ্য কোনো ফল বয়ে আনে না। কিন্তু আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে যে, আমরা বিচার প্রক্রিয়াকে কলঙ্কিত করতে দিতে পারি না। এটা বিচার প্রশাসনে বড় ধরনের হস্তক্ষেপ। কুৎসা রটনার মাধ্যমে কোনো বিচারকের বিচারিক কার্যক্রম, বা আদালতের কর্তৃত্বকে খাটো করে, একইসঙ্গে বিচার প্রক্রিয়া এবং বিচার প্রশাসনের উপর হস্তক্ষেপ করে। প্রশাসনিক ক্ষমতাবলে দেশের সর্বোচ্চ আদালতের বিচারক যে কাজ করেন, তার যদি সমালোচনা করা হয় তবে সেটা যথাযথ না হলে এবং নিন্দা করা হলে তা অবমাননার শামিল। প্রশাসনিক ক্ষমতাবলে প্রধান বিচারপতির করা কাজের সমালোচনা অবমাননার শামিল। সমালোচনা হতে হবে ন্যায় সংগত, তির্যকভাবে করা যাবে না। বিচার ব্যবস্থাকে খাটো করা যাবে না, আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না।

আদেশে বলা হয়, কাকে নিয়ে সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করা হবে তা একজন বিচার প্রার্থী বা বিচারকের বলার অধিকার নেই। সংবিধানের ১০৭ (৩) অনুচ্ছেদের ক্ষমতাবলে এই বেঞ্চ গঠনের এখতিয়ার প্রধান বিচারপতির। কোনো আবেদন উপস্থাপনের আগে আদালতের যে শিষ্টাচার আছে তা কোনো আইনজীবীকে ভুলে গেলে চলবে না। তাকে দেখতে হবে, তার উপস্থাপনের মাধ্যমে কোনো বিচারক বা আদালতের বিরুদ্ধে কুৎসা রটনা হয় কি না। তার কাছে সব সময় প্রত্যাশিত আদালতের ভাবমূর্তি বজায় রাখবে।

আমাদের উদ্বেগের বিষয়, মাত্রাতিরিক্ত কর্তৃত্ব ও লাগামহীন স্বাধীনতা অসহনীয়, কিন্তু মাত্রাতিরিক্ত স্বাধীনতা, কর্তৃত্বহীন ও দায়িত্বহীন কাজও সমভাবে অসহনীয়। 

যারা বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত তারা সকলেই জানে, আধুনিক সমাজ ব্যবস্থায় পারস্পরিক জটিলতার কারণে বিচার বিভাগকে ভুগতে হয়। ওই নিবন্ধে আদালত অবমাননার গুরুতর উপাদান রয়েছে।

পুরনো খবর:

অবমাননার দায়ে জনকণ্ঠ সম্পাদক, নির্বাহী সম্পাদকের সাজা