সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার
নোয়াখালীতে সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে মাইজদীতে উদ্ধার ওই নবজাতককে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন।
ওই হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট কর্ণজিত মজুমদার বলেন,“আনুমানিক দুইদিন বয়সী শিশুটি জন্মগতভাবে বিভিন্ন সমস্যায় ভুগছে। তার অবস্থা আশঙ্কাজনক।”
তাকে সুস্থ করতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ওসি আনোয়ার বলেন, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্বপাশের কালভার্ট সড়কের পাশে পড়ে থাকা একটি কার্টনের মধ্যে নবজাতককে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
টহল পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে।
