ফরিদপুরে তারেক মাসুদের স্মৃতিস্তম্ভ
সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ি ফরিদপুরে তার নামে স্মৃতিস্তম্ভ করা হয়েছে।
বৃহস্পতিবার তার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ‘তারেক মাসুদ স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করেন তার মা নুরুন নাহার মাসুদ।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরীর উদ্যোগে নির্মিত এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে ফরিদপুরের নগরকান্দার জয়বাংলা বিশ্বরোড মোড়ে।
নগরকান্দা পৌর মেয়র আ. রায়হান উদ্দিন মিয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আয়মন আকবর বাবলু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি এ স্মৃতি স্তম্ভের পরিকল্পনা ও বাস্তবায়নকারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, নারী নেত্রী খুশি কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।
এরপর বিকাল ৩টায় তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে তার বাড়ির আঙ্গিনায় স্মরন সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সকালে তারেক মাসুদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সন্ধ্যায় রয়েছে আলোকচিত্র প্রদশর্নী আয়োজন।
২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলা শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের স্যুটিং স্পট দেখে একটি মাইক্রোবাসে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ মাইক্রোবাসের পাঁচ আরোহী নিহত হন।
