২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ

সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরকে মৃত্যুবার্ষিকীতে স্মরণ করা হয়েছে নানা আয়োজনে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 04:01 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

বৃহস্পতিবার তাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী।

দিনটি পালনোপলক্ষে মানিকগঞ্জে নানা কর্মসূচির আয়োজন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

সকাল ১০টার দিকে দুর্ঘটনাস্থল জোকায় তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর নিরাপদ সড়কের দাবিতে স্মৃতিস্তম্ভের পাশে ঢাকা-আরিচা মহাসড়কে দুই ঘণ্টা মানববন্ধন করা হয়।

এ সময় বক্তব্য দেন, তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের মানিকগঞ্জের আহবায়ক ইকবাল হোসেন কচি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি আজাহারুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, গণজাগরণ মঞ্চের জেলা আহবায়ক মোস্তাফিজুর রহমান মামুন প্রমুখ।

এদিকে দুপুরে ঘিওর উপজেলার বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলা শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের স্যুটিং স্পট দেখে একটি মাইক্রোবাসে ফিরছিলেন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ তাদের সহযাত্রীরা।

বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ মাইক্রোবাসে থাকা পাঁচজন নিহত হন।

দুর্ঘটনায় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী ঢালী আল-মামুন, তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেক মাসুদের সহকারী মনীষ রফিক আহত হন।

এ ঘটনায় ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আফছারুল ইসলাম মনি জানান, মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আছে। দেশের দূর-দূরান্তের বিভিন্ন অঞ্চলের ব্যক্তিদের সাক্ষী করা হয়েছে। সমন জারি করা হলেও তারা হাজির হচ্ছেন না। ফলে সাক্ষ্যগ্রহণ বিলম্বিত হওয়ায় মামলাটির বিচারকাজ ধীরগতিতে চলছে।

আগামী ১ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

মামলায় বাস চালক জামির হোসেনের বিরুদ্ধে দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটনানোর অভিযোগ আনা হয়।