জাতীয় প্রেস ক্লাবে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি
জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন হবে শনিবার।
জাতীয় শোক দিবসের দিন সকাল সাড়ে ৮টায় প্রেস ক্লাব লবির দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন করা হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ২৮ মে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সভায় ক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্ত হয়েছিল।
২০১৩ সালের ২৬ মার্চ জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের কথা থাকলেও তা হয়নি।
নির্বাচন নিয়ে জটিলতার মধ্যে ডাকা এক সভায় ভোট ছাড়াই গত ২৮ মে আওয়ামী লীগ সমর্থক মুহাম্মদ শফিকুর রহমানকে সভাপতি এবং বিএনপি সমর্থক কামরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে জাতীয় প্রেসক্লাবের ১৭ সদস্যের সমঝোতার কমিটি গঠন করা হয়।
