গাইবান্ধায় হত্যা মামলায় যাবজ্জীবন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক কৃষককে পিটিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় ওই দণ্ডিতের ভাইকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হলেন- সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া হাসেন আলীর ছেলে মাহাফুজ রহমান (৪২)। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে।
এক বছর দণ্ডপ্রাপ্ত হলেন- মাহাফুজের ছোট ভাই মোছাদেকুল ইসলাম (৩৮)। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাভোগ করতে হবে।
দুই ভাই বর্তমানে গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়া দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।
মামলার নথি থেকে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৭ সালের ২৭ মার্চ সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের হাসেন আলী ও মালতি বেগম এবং তাদের দুই ছেলে মাহাফুজ ও মোছাদেকুল লোহার রড দিয়ে পিটিয়ে আবুল কাশেমকে হত্যা করেন।
এ ঘটনায় আবুল কাশেমের ছেলে ইউনুস আলী বাদী হয়ে চার জনকে আসামি করে ওই দিনই সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
