২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদন মোহনে ছাত্র হত্যা: ৯ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেটের মদন মোহন কলেজ ছাত্র আবদুল আলী হত্যার ঘটনায় ছাত্রলীগের নয় কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 03:40 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

বৃহস্পতিবার দুপুরে আব্দুল আলীর বাবা আলকাস মিয়া বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ।

“মামলায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়।”

নাম উল্লেখ করা আসামিরা হলেন- প্রণজিত দাশ, আঙ্গুর মিয়া, রাজীব, মাসুদ ও তাকবীর। এদের মধ্যে ঘটনার পর পরই প্রণজিত ও আঙ্গুর মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

মামলা রেকর্ড করে কোতোয়ালি থানার পরির্দশক (তদন্ত) মোশাররফ হোসেনকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।

ছাত্রলীগকর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে বুধবার সকালে ছুরিকাহত হন দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল আলী (১৯)।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

পুরনো খবর:

মদনমোহন কলেজে ছাত্রলীগকর্মী খুন