২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদনমোহন কলেজে ছাত্রলীগকর্মী খুন

সিলেটের মদনমোহন কলেজে ছাত্রলীগকর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে ছুরি মেরে একজনকে হত্যা করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 03:24 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে ছুরিকাহত হন দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল আলী (১৯)।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়। আলী দক্ষিণ সুরমা উপজেলার সিলাম গ্রামের আলকাস মিয়ার ছেলে।

এ ঘটনায় জড়িত অভিযোগে এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সিলেট কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ।  

স্বজনদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আড্ডা দেওয়ার সময় সংগঠনের কয়েকজন কর্মীর সঙ্গে আলীর বাগবিতণ্ডা হয়।

“এর জেরে বুধবার বেলা ১২টার দিকে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় তাকে ছুরিকাঘাত করা হয়।

“আশঙ্কাজনক অবস্থায় আলীকে ওসমানী মেডিকেলে নেওয়া হলে দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি সুহেল বলেন, এ ঘটনায় জড়িত অভিযোগে কলেজের স্নাতকের শিক্ষার্থী প্রণজিত দাশকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।

“বিকাল ৪টার দিকে দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।”

প্রণজিত ওসমানীনগরের থানাগাঁও এলাকার চিত্তরঞ্জন দাশের ছেলে বলে জানান তিনি।