হজ নিবন্ধন সারা বছর: প্রধানমন্ত্রী
হজযাত্রীদের নিবন্ধন নিয়ে জটিলতা এড়াতে সারা বছর ‘রেজিস্ট্রেশন’ চালু করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “হজের রেজিস্ট্রেশনের জন্য একটা সময় নির্দিষ্ট করা হয়। একটা তাড়াহুড়ো পড়ে যায়। কিন্তু সারা বছর ধরে যদি এই রেজিস্ট্রেশন চলে এবং সৌদি সরকার যদি ঠিক করে দেয়- কতজন আমরা পাঠাতে পারব, সেখান থেকেই লটারি করে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে।”
প্রধানমন্ত্রী বলেন, সারাবছর নিবন্ধন হলে আগ্রহীরা ধীরস্থিরভাবে অনলাইনে ‘রেজিস্ট্রেশন’ করে রাখতে পারবেন। এতে হজ ব্যবস্থাপনা আরও ‘সহজ ও গতিশীল’ হবে।
আশকোনা হজক্যাম্পে এই অনুষ্ঠানে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের হজ বিষয়ক ওয়েব পোর্টালের আধুনিকায়নের কথা তুলে ধরেন এবং আগামীতে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে হজ সংক্রান্ত তথ্য সেবা দেওয়ার ব্যবস্থা করার কথা বলেন।
চলতিবছর বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ করতে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুই হাজার ৭৫৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৯ হাজার ৪ জন হজে যাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে হজযাত্রীদের টিকা দেওয়া শুরু করেছে।
হজযাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট ও ক্লিনারসহ ২৭২ জনের একটি অগ্রবর্তী দল আগামী ১৬ অগাস্ট সৌদি আরবে পৌঁছাবে।
এছাড়া মক্কা, মদীনা ও জেদ্দায় হজ্জযাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ৩৫ সদস্যের একটি প্রশাসনিক দল ১৬ অগাস্ট সৌদি আরবে পৌঁছাবে। ধর্মমন্ত্রীর নেতৃত্বে ১০ সদস্যের আরেকটি প্রতিনিধি দল হজের আগেই সৌদি আরবে যাবে এবং বাংলাদেশিদের হজ কার্যক্রম তদারক করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এবার বাংলাদেশ বিমানের তিনটি উড়োজাহাজে হজযাত্রীদের আনা নেওয়া করা হবে। ১৬ অগাস্ট বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। হজ শেষে বাংলাদেশিরা দেশে ফিরতে শুরু করবেন ২৭ সেপ্টেম্বর থেকে।
এবারও ঢাকায় পৌঁছে বিমানবন্দরে জমজমের পানি পাবেন হাজীরা।
হজযাত্রীদের সুবিধার জন্য জেদ্দা হজ টার্মিনালে ‘প্লাজা’ ভাড়া করার কথা জানিয়ে তিনি বলেন, এতে হজ প্রশাসনিক দল, চিকিৎসক দল এবং আইটি সেবার সদস্যদের সেবা দেওয়াও সহজ হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ধর্মমন্ত্রী মতিউর রহমান জানান, মক্কায় হারাম শরীফ সংস্কারের জন্য সৌদি সরকার এবার সব দেশ থেকেই অন্যবারের তুলনায় ২০ শতাংশ কম লোককে হজের সুযোগ দিচ্ছে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ‘দেশের সুনাম ধরে রাখার’ পরামর্শ দিয়ে হজযাত্রীদের বলেন, “আমরা আমাদের একটু ভুলের জন্য ওমরাহ হজ নিয়ে জটিলতায় পড়েছিলাম। এবার হজে আমরা জাতি হিসেবে সুশৃঙ্খলতার পরিচয় দেব, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা সৃষ্টি না হয়।”
মক্কা ও মদিনায় হজ যাত্রীদের বাসস্থান নিয়ে অতীতের সমস্যার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভাড়া নিয়ে একটা সমস্যা ছিল। আমরা তা দূর করেছি। দূরবর্তী, পুরাতন ও পাহাড়ের ওপর বাড়িভাড়া করার পরিবর্তে উন্নত মানের নতুন বড় বাড়ি ও হোটেল ভাড়া করে হাজীদের সেবার মান বৃদ্ধি করেছি।”
পাশাপাশি ঢাকার আশকোনার হজ ক্যাম্পের সুযোগ-সুবিধাও ‘বহুগুণ বাড়ানো’ হয়েছে বলে জানান সরকারপ্রধান।
আওয়ামী লীগ ‘ধর্ম নিয়ে রাজনীতি’ করে না দাবি করে শেখ হাসিনা বলেন, “আমরা কখনোই ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না। ধর্ম পবিত্র ধর্ম। ধর্মের পবিত্রতা রক্ষা করে ধর্মীয় অনুশাসনে মানুষের জীবন মান যেন উন্নত হয়, তার জন্যই আমাদের এই সরকার, আওয়ামী লীগ সরকার সব সময় কাজ করে যাচ্ছে।”
অতীতে ‘ধর্ম নিয়ে রাজনীতি’ করে যুব সমাজকে ‘বিভ্রান্তির পথে’ ঠেলে দেওয়া হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই না, আমাদের ছেলেমেয়েরা এই পথে যাক। ধর্মীয় অনুশাসন মেনে, ইসলাম ধর্মের মূল যে চেতনা, সেই চেতনায় তারা মানুষ হোক- সেটাই আমরা চাই।”
হজযাত্রীদের কাছে দোয়া চেয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমার হাত থেকে দেশের মানুষের যেন কল্যাণ হয়- আপনারা সেই দোয়া করবেন।”
১৯৮৪ সালে প্রথম ওমরাহ পালন এবং ১৯৮৫ সাল থেকে ১২ বার হজ পালনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “হজ ব্যবস্থাপনায় কী কী অসুবিধা ছিল, তা দেখেছি। তা দূর করার চেষ্টা করেছি।”
দেশের মানুষকে কম খরচে হজে পাঠানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাহাজ কেনার সিদ্ধান্ত এবং বাংলাদেশ থেকে প্রথম হজযাত্রী পাঠানোর কথাও মনে করিয়ে দেন তার মেয়ে হাসিনা।
তিনি বলেন, হজযাত্রীদের উন্নত সেবার কারণে বাংলাদেশ ২০১০ ও ২০১১ সালে দক্ষিণ এশিয়ার মধ্যে ‘প্রথম স্থান’ অধিকার করে, ২০১৪ সালে ‘শ্রেষ্ঠ হজ ব্যবস্থাপনার’ স্বীকৃতি পায়।
২০০৮ সালে যেখানে বাংলাদেশ থেকে ৪৮ হাজার ৭৬৩ জন হজে গিয়েছিলেন, সেখানে চলতি বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন যাচ্ছেন বলেও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ধর্ম সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান। অন্যদের মধ্যে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বি এইচ হারুন, সাংসদ সাহারা খাতুন এবং বাংলাদেশে সৌদি দূতাবাসের শার্জ ডি অ্যাফেয়ার্স আল হাসান আলী আল হাজমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোনাজাত শেষে প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
