২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা সহজ করতে ভিয়েতনামকে আহ্বান রাষ্ট্রপতির

বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করতে ভিয়েতনামে বাংলাদেশি ব্যবসায়ী ও পর্যটকদের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সাজিদুল হক

হো চি মিন সিটি (ভিয়েতনাম) থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 09:54 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

তিনি বলেছেন, “এ বিষয়ে যৌথ উদ্যোগ নিলে দু’দেশই লাভবান হবে।”

বুধবার সন্ধ্যায় হো চি মিন সিটির রি ইউনিফিকেশন প্যালেসে হো চি মিন সিটি পিপলস কমিটির চেয়ারম্যান লে হোয়ান কুয়াংয়ের সঙ্গে এক বৈঠকে একথা বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে রাষ্ট্রপতি ভিয়েতনামের প্রেসিডেন্ট, কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি, প্রধানমন্ত্রী, ন্যাশনাল এসেম্বলির চেয়ারম্যানের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের কথা উল্লেখ করে বলেছেন, ভিসা প্রক্রিয়া সহজ করে দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ালে উভয়ই লাভবান হবে।”

এই সব বৈঠক বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন আবদুল হামিদ।

জয়নাল আবেদীন বলেন, “রাষ্ট্রপতির আরও বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পরপরই যেসব দেশে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে ভিয়েতনাম তার মধ্যে অন্যতম। এর পর থেকে বন্ধুত্বের সম্পর্ক ক্রমান্বয়ে গাঢ় হচ্ছে।”

বৈঠকে লে হোয়ান কুয়াং বলেছেন, বাংলাদেশ ও ভিয়েতনামের আড়াইশ মিলিয়ন জনগণের বড় বাজারকে সামনে রেখে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারিত করলে দেশ দুটির মধ্যকার সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে।

এর আগে আবদুল হামিদকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ঐতিহাসিক হো চি মিন শহরে বাংলাদেশের রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে পেরে তারা নিজেদের সম্মানিত ও গর্বিত মনে করছেন।

পরে রাষ্ট্রপতি তার সম্মানে দেওয়া লে হোয়াং এর দেওয়া নৈশভোজে অংশ নেন। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এসময় উপস্থিত ছিলেন।