২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকিব হত্যা: মিন্টুরও স্বীকারোক্তি

মলদ্বার দিয়ে হাওয়া ঢুকিয়ে খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় এবার আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি মিন্টু মিয়া।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 06:18 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বুধবার বিকালে খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে মিন্টু মিয়ার  (৫০) এ স্বীকারোক্তি গ্রহণ করা হয় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার উপ-পরিদর্শক কাজী মোস্তাক আহমেদ।

এ নিয়ে রাকিব হত্যা মামলার তিন আসামিই আদালতে স্বীকারোক্তি দিলেন।

এসআই মোস্তাক বলেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের তৃতীয় দিন মিন্টু দোষ স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হন। পরে আদালতে রাকিব হত্যার দায় স্বীকারসহ অন্য দুই আসামি জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি।

পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান এসআই মোস্তাক।

এর আগে মঙ্গলবার মামলার প্রধান আসামি শরীফ মটর্সের মালিক শরীফ স্বীকারোক্তি দেন। আরেক আসামি শরীফের মা বিউটি বেগম রোববার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

গত ৩ আগস্ট মোটরসাইকেলে হাওয়া দেওয়ার কম্প্রেসার মেশিনের পাইপ মলদ্বারে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে হত্যা করা হয় রাকিব হওলাদারকে (১২)।

এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে নগরীর টুটপাড়া কবরখানা রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মটর্সের মালিক শরীফ ও তার চাচা মিন্টু মিয়াকে পিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী।