২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগর সরকারের দাবি মেয়র নাছিরেরও

পূর্বসূরি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মতো উন্নয়ন কর্মকাণ্ড সমন্বয়ের জন্য নগর সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 05:17 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

“সমন্বয় ছাড়া কোনো কাজ ভালো মতো করা সম্ভব না। চট্টগ্রামকে উদ্ধার করা প্রয়োজন, নগর সরকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি প্রত্যাশা করছি,” ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন এই আওয়ামী লীগ নেতা।

‘চিটাগাং জার্নালিস্ট ফোরাম’র আয়োজনে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেসে’ আসেন আ জ ম নাছির।

নগরের বিভিন্ন উন্নয়ন কাজের দায়িত্ব সরকারি বিভিন্ন সংস্থার হাতে থাকায় সমন্বিতভাবে কাজ করা যায় না বলে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় চট্টগ্রামের তিন বারের মেয়র মহিউদ্দিন বারবারই নগর সরকারের দাবি জানাতেন।

একই সুরে নাছিরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতায় নগরীর উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। নগরবাসী ও দেশের স্বার্থেই সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা প্রয়োজন।

“আগের মেয়ররাও নগর সরকারের গুরুত্ব উপলব্ধি করেছেন।তবে সিটি গভার্নমেন্ট নির্ভর করবে সরকারের উপর,” বলেন ক্ষমতাসীন দলের এই নেতা।

নাছির বলেন, নগর সরকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলে এরপর আইনি প্রক্রিয়া শেষ করা হবে।

গত এপ্রিলে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়ে মেয়রের দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক নাছির।

সকাল ১০টায় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানটি শুরুর কথা থাকলেও সাড়ে ১১টায় অনুষ্ঠানস্থলে আসেন মেয়র নাছির। আয়োজকদের পক্ষ থেকে একজন স্বাগত বক্তব্য রাখার পরে টানা এক ঘণ্টা বক্তব্য দেন তিনি।

দীর্ঘ বক্তব্যে চট্টগ্রাম নগরীর সমস্যাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি, পরে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাব দেন।

বন্দর নগরী চট্টগ্রামের উন্নয়নে যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত আছেন জানিয়ে নাছির বলেন, “অনেক দখলকারদের উচ্ছেদ করছি। এসব কাজ করতে গেলে অনেকের স্বার্থে আঘাত লাগে। তারা বেপরোয়া হয়ে সুযোগ কাজে লাগাতে পারে।”

চট্টগ্রাম সিটি করপোরেশন আর্থিকভাবে নাজুক অবস্থায় থাকলেও সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করেন নতুন মেয়র।

“যে কেউই চট্টগ্রামে এসে ব্যবসা করতে পারেন, জায়গা কিনতে পারেন, বাড়ি করতে করতে পারেন। চট্টগ্রামবাসী আঞ্চলিকতা দ্বারা প্রভাবিত না।”

মেয়রের দায়িত্ব পালনকালে কে কোন দলের অনুসারী তা বিবেচনায় নেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের এই নেতা।

“কারও সঙ্গেই বৈষম্যমূলক আচরণ করব না। সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে চাই।”