খুলনায় ‘সন্ত্রাসী’ বাবু গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
খুলনার পাইকগাছা উপজেলায় অস্ত্রসহ অন্তত এক ডজন মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, গড়ইখালী এলাকা থেকে সোমবার রাতে বাবুল হোসেন গাইন ওরফে বাবু গাইনকে (৪২) গ্রেপ্তার করা হয়। বাবু গাইন (৪২) গড়ইখালী গ্রামের কেসমত গাইনের ছেলে।
সে পাইকগাছা উপজেলার ‘শীর্ষ সন্ত্রাসী’ বলে জানান র্যাব-৬ খুলনার কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সল।
নিয়াজ মোহাম্মদ ফয়সল জানান, গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ বাবু গাইনকে গ্রেপ্তার করে।
“তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”
বাবুর বিরুদ্ধে পাইকগাছা থানায় অস্ত্র, চাঁদাবাজি, সুন্দরবনে দস্যুতাসহ বিভিন্ন অবিযোগে ১২টি মামলা রয়েছে বলে জানান তিনি।
বাবু দীর্ঘদিন ধরে পাইকগাছায় ত্রাস চালিয়ে আসছিল বলে জানান এই র্যাব কর্মকর্তা।
