২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘এশিয়ার বৃহত্তম’ ই-লাইব্রেরি

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদে উদ্বোধন হয়েছে ই-লাইব্রেরির, যা এশিয়ার বৃহত্তম বলে দাবি করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 11:08 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

সোমবার লাইব্রেরিটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

রবি আজিয়াটা লিমিটেডের আর্থিক সহযোগিতা এবং ডেল, ওরিয়ন গ্রুপ ও লজিক সফ্টওয়্যারের কারিগরি সহায়তায় বিজনেস স্টাডিজ অনুষদের তৃতীয় তলার পুরোটা জুড়েই এই গ্রন্থাগার।

বিশ্বের ৩৫টি খ্যাতিমান লাইব্রেরি এবং প্রকাশনা সংস্থার সঙ্গে এই অত্যাধুনিক ই-লাইব্রেরি সংযুক্ত করা হয়েছে।

ই-লাইব্রেরি মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটিসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর গ্রন্থাগারের বই, জার্নাল, গবেষণাপত্র ও প্রবন্ধ পড়তে পারবেন।

গ্রন্থাগার ঘুরে দেখা যায়, ভেতরে আলাদা আলাদা সেকশন রয়েছে। বই দেওয়ার জন্য ডেলিভারি সেকশন, শিক্ষকদের জন্য লাউঞ্জ ও মিটিং সেকশন, সবার জন্য আছে রিডিং সেকশন, ব্রাউজিং সেকশন, জার্নাল সেকশন, মুক্ত আলোচনা কক্ষ, ক্যাফে, ফটোকপি ও প্রিন্টিং সেকশন।

গ্রন্থাগারে মোট ফটক রয়েছে তিনটি। ফটকের বাইরে পূর্ব পাশে আছে আড্ডা দেওয়ার জায়গা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরেফিন সিদ্দিক অত্যাধুনিক ই-লাইব্রেরির সুবিধা সদ্ব্যবহারের মাধ্যমে বিশ্বমানের গ্র্যাজুয়েট হিসাবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।

“তথ্য-প্রযুক্তির অপব্যবহার থেকে শিক্ষার্থীদের মুক্ত থাকতে হবে,” সেই সঙ্গে বলেন তিনি।   

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন এবং রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বক্তব্য দেন।