২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটের জমির নথি হস্তান্তর

সদ্য বিলুপ্ত বাংলাদেশ-ভারতের ১৬২টি ছিটমহলের জমির নথিপত্র হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 09:57 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

সোমবার দুই দেশের ডিসি-ডিএম পর্যায়ে যৌথ বৈঠকে এ নথি বিনিময় হয় বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান।

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের চ্যাংরাবান্ধায় সোমবার দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান জানান, সদ্য বিলুপ্ত দুদেশের ১৬২টি ছিটমহলের জমির নথিপত্র বিনিময়ের সিদ্ধান্ত হয়েছে। তবে, সব নথিপত্র হাতে না থাকায় ভারতের অভ্যন্তরে থাকা ৫১টি ছিটের ১৯টি মৌজা এবং বাংলাদেশের অভ্যন্তরে ১১১টি ছিটের ৪৪টি মৌজার রেকর্ড হস্তান্তর করা হয়েছে।

বাকি নথিপত্র খোঁজার কাজ চলছে বলে জানান তিনি।

তিনি বলেন, “ভারতে যাওয়ার জন্য নিবন্ধনকরা ব্যক্তিদের জন্য আগামী ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ওপারে প্রবেশের সময় সীমা নির্ধারণ করা হয়েছে।। নিবন্ধনকারীরা লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর, কুড়িগ্রামের সাহেবগঞ্জ-বাগভান্ডার, পঞ্চগড়ের হলদিবাড়ী-চিলারহাট দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন।”

ভারত যাওয়ার জন্য নিবন্ধন করা ৯৭৯ জনের মধ্যে কুড়িগ্রামের ১৮ জন এবং পঞ্চগড়ের ৩১ জন এখনও দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন। এছাড়া পঞ্চগড়ে এক শিশু ও তার মা হাসপাতালে থাকায় তারা নিবন্ধন করতে পারেন নি, এখন ভারতীয় নাগরিক হওয়ার ইচ্ছা পোষণ করেছেন বলে জানান লালমনিরহাটের জেলা প্রশাসক।

আর ১৬ জুলাইয়ের পর যারা ভারতে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তাদের ব্যাপারে আগামী ১৭ অগাস্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

ডিসি-ডিএম সীমান্ত সম্মেলনে বাংলাদেশি ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান। ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহারের জেলা শাসক পি উল্গানাথন।