পুষ্টিনীতি মন্ত্রিসভায় অনুমোদন
মা, কিশোরী ও শিশুসহ বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টি নিশ্চিতে জাতীয় পুষ্টিনীতির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “পুষ্টিনীতির লক্ষ্য হচ্ছে জনগণের বিশেষ করে মা, কিশোরী ও শিশুসহ বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টি অবস্থার উন্নতি সাধন করা, অপুষ্টি নিয়ন্ত্রণ করা এবং জীবনের মানোন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা।”
“আমাদের প্রতিদিন ২৪০০ কিলো ক্যালরি শক্তির প্রয়োজন হয়। বর্তমানে আমরা পাচ্ছি গড়ে ২৩১৮ কিলো ক্যালরি। আগে আরও অনেক কম ছিল। আমাদের ২৪০০ তে পৌঁছাতে হবে, পাশাপাশি যারা বৈষম্যর শিকার তাদের চাহিদা চিহ্নিত করতে হবে,” বলেন তিনি।
১৯৯৭ সালে জাতীয় খাদ্য ও পুষ্টিনীতি প্রণীত হয়েছিল, ২০০৭ সালে একটি পৃথক জাতীয় খাদ্যনীতি প্রণয়ন হয়েছিল।
জাতীয় খাদ্য ও পুষ্টিনীতির পুষ্টি সংক্রান্ত যে অংশগুলো আছে, তারই আলোকে এই পুষ্টিনীতি করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, এটা এখন সময়ের দাবি এবং সরকারের ‘ভিশন ২০২১’ সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ পুষ্টিনীতি তৈরি করে।
এ কাজে বর্তমান সরকারের ব্যাপক বিনিয়োগ ও কর্মসূচি ও সাফল্য আছে বলে উল্লেখ করেন মোশাররাফ হোসাইন।
তবে তিনি বলেন, “এই নীতি না থাকাতে কোনো গ্যাপ ছিল না, কারণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় খাদ্য ও পুষ্টিনীতির আওতায় জাতীয় পুষ্টি পরিষদ রয়েছে এবং পরিষদের দিক-নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে।”
প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কমিটি আছে তার নাম এখন বদলে হবে ‘ন্যাশনাল নিউট্রেশন কোঅর্ডিনেশন কাউন্সিল’।
নীতির কৌশল সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জীবনের প্রতিটি ধাপে যেন পুষ্টি চাহিদা পূরণ করা যায়, পুষ্টি সহায়ক পরিবেশ ও আইনি ব্যবস্থা, সুবিধাবঞ্চিত জনগণের জন্য পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা এবং সেই লক্ষ্যে পুষ্টি জরিপ বিধান রাখা হয়েছে।
আপদকালীন সময়ে পুষ্টির ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা রাখা,দীর্ঘ মেয়াদি ব্যাধিতে আক্রান্তদের বিশেষ চাহিদার কথাও উল্লেখ করা হয়েছে।
পুষ্টি অবস্থা নির্ধারণের ১৫টি সূচক করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জন্মের এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো বৃদ্ধি, জন্মের ৬ মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর হার বৃদ্ধি, কম ওজনের জন্মহার হ্রাস করা, খর্বতা হ্রাস, ভিটামিট এ ক্যাপসুল খাওয়ানোর হার বৃদ্ধি, আয়োডিনযুক্ত লবণ গ্রহণের হার বৃদ্ধি, মায়েদের স্থূলতা হ্রাস এবং নারীদের মধ্যে রক্তশূন্যতার হার হ্রাস করা ইত্যাদি এর মধ্যে রয়েছে।
