২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এস এম সুলতানের জন্মজয়ন্তী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে শিল্পী এস এম সুলতানের ৯১তম জন্মদিন পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 05:53 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

সোমবার সকালে শিল্পীর জন্মভূমি নড়াইল পৌরসভার মাছিমদিয়ার সুলতান কমপ্লেক্সে শিল্পীর মাজারে পুস্পমাল্য অর্পণ করা হয়।

স্থানীয় প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

কর্মসূচিতে আরও ছিল কোরআনখানি, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

এছাড়া এ উপলক্ষে আগামী ২৯ অগাস্ট চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হবে  বলে জানিয়েছেন নড়াইলের জেলা প্রশাসক ও  এস এম সুলতান ফাউন্ডেশনের  সভাপতি মো. হেলাল মাহমুদ শরীফ।

তিনি জানান, শিল্পীর জন্মজয়ন্তী উপলক্ষে ২৬ অগাস্ট থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ৪ দিনব্যাফী ‘সুলতান উৎসব’হবে।

এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে এ উৎসবের আয়োজন করছে বলে জানান জেলা প্রশাসক।

এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ জানান, উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ ও ভারতের  বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের চিত্র শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, সঙ্গীত-নৃত্যানুষ্ঠান, নাটক, ডুকুমেন্টরি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এছাড়া উৎসব চলাকালে প্রতিদিন সুলতান মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

১৯২৪ সালের ১০ অগাস্ট নড়াইলের চিত্রা নদীর তীরে মাছিমদিয়া গ্রামে তার  জন্ম। 

পাট কাটা, ধানকাটা, ধান ঝাড়া, জলকে চলা, চর দখল, গ্রামের খাল, মৎস শিকার, গ্রামের দুপুর, নদী পারাপার, ধান মাড়াই, জমি কর্ষনে যাত্রা, মাছ ধরা, নদীর ঘাটে, ধান ভানা, গুন টানা, ফসল কাটার ক্ষণে, শরতের গ্রামীণ জীবন, শাপলা তোলা প্রভৃতি তার আাঁকা বিখ্যাত ছবির নাম।

১৯৫০ সালে ইউরোপ সফরের সময় যৌথ প্রদর্শনীতে তার ছবি বিশ্ববিখ্যাত চিত্র শিল্পী পাবলো পিকাসো, ডুফি, সালভাদর দালি, পলক্লী, কনেট, মাতিসের ছবির  সঙ্গে প্রদর্শিত হয়।

এই শিল্পীকে ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।

১৯৯৪ সালের ১০ অক্টোবর বরেণ্য এই শিল্পী মৃত্যুবরণ করেন।