২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার চট্টগ্রামে পরিবহন ধর্মঘট

‘ফিটনেসবিহীন’ গাড়ির বিরুদ্ধে ‘অভিযানের নামে’ পুলিশি হয়রানি বন্ধসহ দশ দফা দাবিতে বৃহস্পতিবার চট্টগ্রাম শহরে পরিবহন ধর্মঘট ডেকেছে মালিকদের একটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 05:19 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

সোমবার দুপুরে নগরীর একটি রেস্তোঁরায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সিটি সড়ক পরিবহন মালিক ফেডারেশনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

লিখিত বক্তব্যে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুরুল আলম মঞ্জু জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম শহরে কোনো বাস-মিনিবাস-হিউম্যান হলার, অটোরিকশা বা টেম্পো চলবে না।

“আদালত ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানের যে নির্দেশ দিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। কিন্তু অভিযানের নামে গাড়ির চালক-মালিককে গণহারে হয়রানি করা হচ্ছে।”

বিআরটিএ’র তৈরি তালিকা ধরে অভিযান চালানো হলে তাতে কোনো আপত্তি থাকবে না বলেও জানান মঞ্জু।

তিনি অভিযোগ করেন, “নগরীর রাস্তাঘাটের অবস্থা খারাপ হওয়ায় গাড়ি নষ্ট হচ্ছে। এসব বাহন সরানোর নামে পুলিশ ‘রেকার বাণিজ্য’ করছে। এ হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।”

তাদের দশ দফার মধ্যে ‘অবৈধ পরিবহন সংগঠনের’ চাঁদাবাজি, পুলিশের গাড়ি রিকুইজিশন, সিএনজি অটোরিকশা চলাচলে হয়রানি বন্ধ করার পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ মোড় থেকে হকার সরানোর দাবি রয়েছে।

বুধবারের মধ্যে এসব দাবি পূরণ না হলে পরদিন চট্টগ্রাম শহরে পরিবহন ধর্মঘট চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মহাড়কে ধীরগতির ও তিনচাকার যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে একই দিনে চট্টগ্রাম জেলা ও নগরীতে সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদ।