রাজশাহীতে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
রাজশাহীতে এক অটোরিকশা চালককে খুনের মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন।
একই মামলায় আরও দুই জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের সময় সাত আসামিই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, নগরীর সুজানগর এলাকার রুবেল হোসেন ওরফে আদম, শামীম হোসেন, হাসান ওরফে সজিব, সুমন হোসেন ও মতিউর ওরফে মতি।
আর ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, নগরীর গুড়িপাড়া এলাকার বাপ্পি ও ওসমান।
ওই আদালতের পিপি এন্তাজুল হক বাবু বলেন, ২০১৩ সালের ১৯ জুলাই নগরীর সুজানগর এলাকায় সমশের আলীকে খুন করে অটোরিকশা ছিনতাই করে দুর্বত্তরা। এ ঘটনার পরদিন নগরীর শাহমখদুম থানার এসআই ফরিদুল করিম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে।
এদের মধ্যে পাঁচ জন্য খুনের সঙ্গে জড়িত থাকার কথা এবং বাকি দুইজন ছিনতাই করা অটোরিকশা কিনে নেওয়ার কথা স্বীকার করেন বলে জানান এন্তাজুল।
