বঙ্গবন্ধুকে হত্যা জাতিকে নত করেছে: হাসিনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে বাঙালি জাতির সব গর্ব ধুলায় লুটিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আবাহনী লিমিটেডের এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, “বাঙালি স্বাধীনতা যুদ্ধ করেছে, কিন্তু মাথা নত করেনি। ৭৫-এর ১৫ই অগাস্টের পরই বাঙালি জাতি বিশ্বের কাছে হেয় হয়েছে।
“যে জাতি একাত্তরে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছিল। ৭৫-এর ১৫ অগাস্টের পর সে বাঙালি জাতির সকল গর্ব, সবকিছু ধুলায় লুটিয়ে দেওয়া হয়েছিল।”
স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বিশ্বসভায় ‘বিজয়ী জাতি’ হিসেবে বাঙালি পরিচিত হলেও ১৯৭৫-এর ১৫ অগাস্টের ঘটনায় বাঙালিকে ‘ঘাতক জাতি’ হিসেবে চিহ্নিত হতে হয়েছিল বলেও জানান প্রধানমন্ত্রী।
তবে তার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসে বাঙালি জাতিকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছে বলেও জানান তিনি।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে।
বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের, বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু; বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত ও রিন্টু, পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান ও বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিলও নিহত হন সেই রাতে।
দেশের অন্যতম প্রধান ক্রীড়া সংঘ আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মবার্ষিকী আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয় ধানমণ্ডির আবাহনী ক্লাবে।
আলোচনা সভায় অংশ নেওয়া ছাড়াও ক্লাব চত্বরে পৌঁছে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে তাকে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
এরপর তিনি শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স ও শেখ কামাল বয়সভিত্তিক একাডেমির ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
এছাড়াও দেশের ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ছয় জনকে শেখ কামাল স্বর্ণপদক-২০১৪ প্রদান করেন।
আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামাল খেলাধুলা ছাড়াও শিল্প-সংস্কৃতি অঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ও নাট্যচর্চায় জড়িত হন। নিজে সেতারও বাজাতে পারতেন। স্বাধীনতার পরপরই শেখ কামাল স্পন্দন শিল্পগোষ্ঠী নামে একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন।
শেখ হাসিনা তার দুই বছরের ছোট ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “আমরা দুই ভাই-বোন খেলার সাথী ছিলাম। খেলাধুলা, ঝগড়া-ঝাটি, মারামারি সব একসঙ্গে করতাম। তবে আমার চেয়ে বয়সে ছোট হলেও সে ছিল প্রখর বুদ্ধি সম্পন্ন।”
শেখ কামালের নানা গুণের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “শুধু একটা ক্লাব গড়ে তোলাই না, স্বাধীনতার পরপরই এদেশের ছেলে-মেয়েদের খেলাধুলা, সংস্কৃতি চর্চা সর্বক্ষেত্রে গড়ে তোলা; তাদের মন-মানসিকতাকে আরো উন্নত করা। এটাই ছিল তার (শেখ কামাল) লক্ষ্য।”
দেশকে বিশ্বের সামনে তুলে ধরতে হলে বহুমুখী প্রতিভা সম্পন্ন হওয়ার তাগিদ দিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, “আমরা যেটা মনে করি, একটা সমাজকে যদি উন্নত করে গড়ে তুলতে হয়, তাহলে সে সমাজে একেবারে ছোট শিশু থেকে যারা ধীরে ধীরে বড় হবে তাদের চরিত্রটা সুন্দরভাবে গড়ে উঠতে হবে।
“সততার সাথে জীবন-যাপন করবে, সেই সাথে সাথে দেশকে বিশ্বের কাছে গড়ে তুলবে, দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে, সেখানে বহুমুখী প্রতিভা প্রয়োজন রয়েছে।”
আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এই ক্রীড়া সংঘের পরিচালনা পর্ষদের পরিচালক কাজী নাবিল আহমেদ, নাজমুল হাসান পাপন, অঞ্জন চৌধুরী, হারুন-অর-রশীদ প্রমুখ এবং স্থানীয় সাংসদ ফজলে নুর তাপস।
