ছিনতাইকারী সন্দেহে চোখ উৎপাটন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছিনতাইকারী সন্দেহে এক যুবকের চোখ উপড়ে নিয়েছে জনতা।
মঙ্গলবার দুপুরে উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার এসআই আব্দুস সবুর জানান।
আহত আব্দুস সামাদ ওরফে ভোদু (৩৫) উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আকিমুদ্দিনের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল করেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই আব্দুস সবুর বলেন, কানসাট-ভোলাহাট সড়কের কাশিয়াবাড়ি এলাকায় ৩/৪ জন যুবক ছিনতইয়ের করার প্রস্তুতির নিচ্ছিল। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও ভোদুকে ধরে পিটুনি দিয়ে তার দুই চোখ তুলে নেওয়ার চেষ্টা করে এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ভোদুকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম বলেন, তার দুই চোখই নষ্ট হয়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
