২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাক-প্রাথমিকে ১৭ জেলার শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮ অগাস্ট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় ১৭ জেলার পরীক্ষা হবে আগামী ২৮ অগাস্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2015, 03:10 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব জেলায় এক লাখ ৫০ হাজার ৭৬৫ জন চাকরিপ্রার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। ওইদিন বেলা ৩টা থেকে বিকাল ৪টা ২০ পর্যন্ত পরীক্ষা হবে।

এর আগে গত ২৭ জুন মেহেরপুর, মুন্সিগঞ্জ, ফেনী, নড়াইল ও শরিয়তপুর জেলায় শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়। প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার ধাপে ধাপে এ নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে।

রবীন্দ্রনাথ জানান, ২৮ অগাস্ট জয়পুরহাট, চুয়াডঙ্গা, মাগুরা, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারয়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, পিরোজপুর, ঝালকাঠি, রবগুনা, ভোলা, পঞ্চগড় ও বাগেরহাট জেলার পরীক্ষা হবে।

প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেতে ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) মোট নয় লাখ ৭১ হাজার ৬০৮ জন আবেদন করেছেন।

প্রাক-প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তবে সহকারী শিক্ষক নিয়োগে আগে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উচ্চ আদালতে একটি রিট নিস্পত্তির অপেক্ষায় থাকায় আপাতত ওই পরীক্ষা নেওয়া যাচ্ছে না বলে মন্ত্রণালয়ের কর্মকর্তরা জানিয়েছেন।

পুরনো খবর:

ফাঁস ঠেকাতে ‘ডিজিটালি’ প্রশ্ন হচ্ছে