মেয়র আনিসুলকে হুমকি; যুবক গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মো. নাহিদ হ্যাপি (৪০) ঢাকার গাবতলী বাগবাড়ি এলাকার হাজী নুরুল ইসলামের ছেলে।
সোমবার বিকালে রাজধানীর কারওরান বাজারের এফডিসি গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গত ১৪ জুলাই আনিসুল হককে তার ব্যক্তিগত টেলিফোনে হুমকি দেওয়া হয় বলে তিনি গুলশান থানায় অভিযোগ করেন। আনিসুল হক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের বড় ভাই।
র্যাব কর্মকর্তা মাসুদ বলেন, “এই যুবকের ফোন পেয়ে কথা বলার সময় আনিসুল হক লাইন কেটে দিলে পরে এসএমএস করে ওই যুবক হুমকি দিয়ে লেখে, ‘লাইনটা কেটে দিলেন, ভালো করলেন না’।”
মেয়রের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-২ এর অধিনায়ক জানান।
র্যাব জানায়, হ্যাপি নিজেকে ইমাম মাহাকি বলে পরিচয় দিয়ে ফোন করে মেয়রকে হুমকি দিয়েছিল।
গ্রেপ্তারের সময় তার কাছে ১২১টি ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন পাওয়া যায় বলে জানান র্যাব-২ এর অধিনায়ক।
