২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলী আলেক হত্যা: একবছরে ধরা পড়েনি মূল আসামি

চট্টগ্রামে নৌ প্রকৌশলী আলেক মিয়া হত্যার ঘটনায় এক বছরেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি, জমা পড়েনি অভিযোগপত্রও।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 11:42 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

এক বছরে প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় সঠিক বিচার পাওয়া নিয়ে শঙ্কার কথা জানালেন আলেকের পরিবারের সদস্যরা।

তাছাড়া দীর্ঘ সময়েও কর্মস্থল ইডেন ফিশারিজের কাছ থেকে কোন ধরনের সহায়তাও পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।

গত বছরের ২৭ জুলাই সকালে ‘ইডেন-২’ নামের মাছ ধরার নৌযান থেকে নৌকায় করে শহরে ফেরার সময় প্রকৌশলী আলেক মিয়াকে পরিকল্পিতভাবে হামলা করে হত্যা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ ছিল।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নৌকার মাঝি মান্নান ও তার সহকারী জসীমকে আসামি করে সদরঘাট থানায় একটি হত্যা মামলা করা হয়।  

একদিন পর নদী থেকে তার লাশ উদ্ধার করে কোস্ট গার্ড। ঘটনার পরই পালিয়ে যায় মান্নান ও জসীম।

মামলার প্রায় দেড় মাস পর ৭ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলা থেকে নৌকার মাঝির সহকারী জসীম উদ্দিনকে (২৪) গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারের পর জসীম তেল চুরির প্রতিবাদ করায় আলেক মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

মান্নান নৌ প্রকৌশলী আলেকের কর্মস্থল ইডেন ফিশারিজের নিজস্ব সাম্পান মাঝি হলেও জসীমকে সে ডেকে এনেছিল বলে পুলিশকে জানিয়েছিল।

এদিকে আলেক হত্যার পর তার পরিবারের সদস্যরা চট্টগ্রাম ছেড়ে চলে গেছেন নিজ গ্রাম নরসিংদীর রায়পুর উপজেলায়।

আলেকের ভাগ্নে জাকির হোসেন রিয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার ভাই তিন বোনের মধ্যে আলেক ছিলেন সবার ছোট।

আলেক পরিবারের অন্যতম উপার্জনক্ষম সদস্য ছিলেন জানিয়ে তিনি বলেন, চার ভাইয়ের মধ্যে আলেকের সবার বড় ভাই ২০১৩ সালের ডিসেম্বর মাসে মারা যান। অন্য দুই ভাইয়ের একজন রিকশা চালক এবং অন্যজন স্থানীয় বাজারে চা দোকানি ও বাবা কলা বিক্রেতা।

তিনি অভিযোগ করেন, হত্যার পর থেকে ইডেন ফিশারিজের কার্যালয়ে বারবার ধরণা দেওয়ার পরও তারা কোন ধরনের সহায়তা পাননি।

“পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কিছু বলেছে না। প্রধান আসামিকে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে এমন আশ্বাসের বাইরে কিছুই বলছে না পুলিশ। নরসিংদী থেকে চট্টগ্রাম এসে সবসময় যোগাযোগ করাটাও আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠে না।”

মামলার তদন্ত কর্মকর্তা ও সদরঘাট থানার এসআই মো. নাজির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি মান্নানকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

তিনি বলেন, “প্রধান আসামি মান্নানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না।”

এখনও আদালতে অভিযোগপত্র দেওয়া হয়নি বলেও জানান এসআই নাজির।

এদিকে এক বছরেও আলেক হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে মেরিন ফিশারিজ অ্যাকাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন’।

সংগঠনটির প্রচার সম্পাদক সুমন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার আলেক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংগঠন কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

পুরনো খবর:

চট্টগ্রামে নৌ-প্রকৌশলীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি
শুক্রবার সব মাছ ধরার নৌযানে আধাবেলা কর্মবিরতি
কর্ণফুলী থেকে নাবিকের লাশ উদ্ধার
নৌ-প্রকৌশলী আলেক হত্যা মামলার আসামি গ্রেপ্তার