ব্লকের নিচে চাপা পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু
সিরাজগঞ্জের কাজিপুরে সিসি ব্লকের নিচে চাপা পড়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।
রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাইঝবাড়ি ইউপি চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গীর আলম।
মৃত মেঘলা (১১) মাইঝবাড়ি গ্রামের ফজলার রহমানের মেয়ে। সে ঢেকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।
আহতরা হলো, একই এলাকার শাহজালালের মেয়ে ও একই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী শম্পা (১০) ও হবিবর রহমানের মেয়ে ববিতা (১০)।
শম্পাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হাত ভেঙে যাওয়ায় বাড়িতে চিকিৎসা নিচ্ছে ববিতা।
চেয়ারম্যান জাহাঙ্গীর জানান, মাইঝবাড়ি নদীর তীরে ঠিকাদাররা সিসি ব্লকগুলো স্তূপ করে রেখেছিল।
সন্ধ্যায় ওই তিন শিশু সাজিয়ে রাখা ব্লকের স্তূপের উপর খেলা করছিল। এসময় হঠাৎ ব্লকগুলো ধসে গেলে তারা ব্লকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মেঘলার মৃত্যু হয়।
