পাঁচদিনেও খোঁজ মেলেনি সাগরে অপহৃত ১৯ জেলের
নোয়াখালীর হাতিয়ায় নিঝুম দ্বীপের দক্ষিণপশ্চিমে সাগর থেকে মাছধরা ট্রলারসহ অপহরণের পাঁচদিন পরও ১৯ জেলের কোনো খোঁজ জানাতে পারেনি পুলিশ।
এদিকে মঙ্গলবার অপহরণের পর শুক্রবার রাতেও নিজেদের ‘জলদস্যু’ দাবি করে দুই ব্যক্তি ট্রলার মালিক সমিতির কাছে মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ করেন হাতিয়ার জাহাজমারা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. রাশেদ খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে পরিচয় গোপন করে মুঠোফোনে মুক্তিপণ দাবি করা হয়েছে। তবে শুক্রবার রাতে দুই ব্যক্তি নিজেদের ‘জলদস্যু সঞ্জয় ও শংকর’ পরিচয় দিয়ে অপহৃত জেলেদের ছেড়ে দেয়ার জন্য মুক্তিপণ দাবি করেছে।
জেলেদের একজনকে হত্যা করা হয়েছে বলেও ফোনে জলদস্যুরা হুমকি দিয়েছে বলে দাবি করেন ট্রলার মালিক সমিতির এই নেতা।
মঙ্গলবার বঙ্গোপসাগরে হাতিয়ায় নিঝুম দ্বীপের দক্ষিণপশ্চিমের সাঙ্গু গ্যাসক্ষেত্র এলাকা থেকে ১৯ জেলেসহ এফ বি সুমন নামে একটি ট্রলার নিয়ে যায় জলদস্যুরা। এরপর প্রথমে পরিচয় গোপন করে মুঠোফোনে মুক্তিপণ দাবি করা হয়।
এরপর বুধবার চট্টগ্রামের বন্দরটিলা থেকে ওই ‘জলদস্যু বাহিনীর প্রধান’ কালাম মাঝিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে কালাম জলদস্যুদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে স্বীকার করলেও অপহৃত ১৯ জেলের বিষয়ে মুখ খোলেনি।
এরপর পাঁচদিনেও জেলেদের উদ্ধার করতে না পারলেও অল্প সময়ের মধ্যে ‘অপহরণ রহস্যের জট’ খুলে যাবে বলে দাবি করে হাতিয়া থানার ওসি নুরুল হুদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে পুরো ঘটনা পর্যবেক্ষণে রেখেছে পুলিশ।অল্প সময়ের মধ্যে অপহরণ রহস্যের জট খুলে যাবে।”
