বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বরিশালের গৌরনদী উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাকেল আরোহী নিহত এবং তার সঙ্গে থাকা আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কটকস্থল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান।
নিহতের নাম নাসির উদ্দিন। তার দুই সঙ্গী সেলিম মিয়া (৩২) ও শহীদুল ইসলামকে (৪০) আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ওসি মাহাবুবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নাসিরসহ তিনজন মোটরসাইকেলে করে উজিরপুর থেকে গৌরনদী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নাসিরের মৃত্যু হয়।
এদিকে উপজেলার পিঙ্গুলাকাঠী বাজার এলাকায় একটি প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারালে বাহনটি রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে যায়। এতে অন্তত আটজন আহত হন।
গৌরনদী থানার ওসি হুমায়ুন কবির জানান, আহতদের মধ্যে চারজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এরা হলেন- দুলাল সিকদার (৫০), আরজ আলী সিকদার (৪৫), সোহবার সিকদার (৩০) ও সালাউদ্দিন গাজী (৪৮)। আহত বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা নয়ন শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিঙ্গুলাকাঠী গ্রামের আব্দুল হাই মৃধার মেয়ে ও জামাই প্রাইভেটকার নিয়ে শ্বশুরবাড়িতে ঈদ করতে আসেন। সকালে মৃধার ছেলে কামরুল প্রাইভেটকারটি চালাতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
