১৩ বছর পূর্তিতে শামসুন নাহার হল নির্যাতনে জড়িতদের শাস্তি দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে ছাত্রী নিযার্তনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকালে শামসুন নাহার হলের সামনে এক সমাবেশ এ দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান।
দাবি আদায়ের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তিনি।
২০০২ সালের ২৩ জুলাই রাতে শামসুন নাহার হলের ছাত্রীদের উপর হামলা চালায় পুলিশ। এতে বহু ছাত্রী আহত হন।
ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে পরদিন আন্দোলনে উত্তাল হয়ে উঠে পুরো ক্যাম্পাস। আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন উপাচার্য, প্রক্টর ও হল প্রাধ্যক্ষ।
নির্যাতনের ১৩ বছর পূর্তিতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে একটি মৌনমিছিল কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে শামসুন নাহার হলের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশ শেষে হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শামসুন নাহার হল শাখার সভাপতি নিশীতা ইকবাল নদী এবং সাধারণ সম্পাদক রওশন আরা নিতুল।
২০০২ সালের পর থেকে প্রতিবছর নানা আয়োজনে এই দিনটি কালো দিবস হিসেবে পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন ছাত্র সংগঠন। তবে এবার বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হয়নি।
