শিমুলিয়া-কাওড়াকান্দি রো রো ফেরি রাতে বন্ধ
নাব্যতার সংকটে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে রাতে রো রো ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিসি।
তবে ছোট ও মাঝারি আকারের ১৪টি ফেরি চলাচল করছে।
বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিমুলিয়াস্থ বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এসএম আশিকুজ্জামান।
তিনি জানান, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের পদ্মার লৌহজং টার্নিংয়ে চ্যানেল মুখে প্রায় ৫শ’ ফুট এলাকা জুড়ে ডুবো চরের সৃষ্টি হয়েছে।
“এ চ্যানেলে বর্তমানে পানির গভীরতা সাত ফুট। কিন্তু রো রো ফেরি চলাচলে অন্তত সাড়ে সাত ফুট গভীরতা প্রয়োজন।
“চলাচলের সময় নদীর তলদেশে ঘষা লাগায় ফেরির প্রপেলারসহ ইঞ্জিনের ক্ষতি হওয়ায় বুধবার রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।”
ছোট ও মাঝারি ফেরি ছাড়াও এ রুটে বর্তমানে তিনটি বড় আকারের রো রো ফেরি সচল ছিল বলেও তিনি জানান।
তিনি বলেন, ঈদের সময়ে রো রো ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে, তাই ধারণ ক্ষমতার চেয়ে কম লোড নিয়ে বৃহস্পতিবার দুপুরে ফের চলানো হয়।
“কিন্তু লৌহজং টানিং পয়েন্টের চ্যানেলের মুখে দুপাশে দুটি ড্রেজার থাকায় সরু চ্যানেলে ঢুকতে গিয়ে ফেরিগুলো ডুবোচরে উঠে যাচ্ছে। তাই রাতের বেলায় এ নৌরুটে রো রো ফেরি চালানো সম্ভব নয়।”
বিআইডব্লিউটিএ যথাযথ ড্রেজিং না করার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে তার বক্তব্যে দ্বিমত পোষণ করে বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক আলী আজগর জানিয়েছেন, চ্যানেলে পানির যে গভীরতা রয়েছে তাতে রো রো ফেরি চলাচলে সমস্যা হওয়ার কথা নয়।
এদিকে রো রো ফেরি চলাচল প্রায় বন্ধ থাকায় ঈদে কর্মস্থল ঢাকায় ফেরা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ফেরি স্বল্পতার কারণে উভয় ঘাটে যানজট বৃদ্ধি পেয়েছে। প্রাইভেট কারসহ যাত্রীবাহী পরিবহনগুলো দীর্ঘ লাইলে পারাপারের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে।
