২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল সার্ফিং জোন নির্মাণে এয়ারটেল

কক্সবাজারকে পরিবেশবান্ধব ডিজিটাল সার্ফিং সিটি হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিভিশনের নানামুখী উদ্যোগে যুক্ত হয়েছে এয়ারটেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 08:38 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

সম্প্রতি এনিয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে এয়ারটেলের পিপিপি (প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ) চুক্তি হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী বলেন, “কক্সবাজারের গ্লোবাল ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি এবং পর্যটকদের জন্য আরও সুযোগ সুবিধা সৃষ্টি করতে সরকারি উদ্যোগের সঙ্গে যুক্ত হতে এয়ারটেল এগিয়ে এসেছে। এর ফলে কক্সবাজারের সুনাম বৃদ্ধির পাশাপাশি শহরব্যাপী অ্যাডভান্সড হাই স্পিড ইন্টারনেটের অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের পথ প্রশস্ত হবে।”

সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজার দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রের সার্ফারদের জন্য একটি আকর্ষনীয় স্থানে পরিণত হয়েছে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের ক্ষেত্রে এটি একটি পথপ্রদর্শক এবং খুবই উদ্ভাবনী উদ্যোগ। কক্সবাজারকে আগামী দিনের একটি পরিবেশ বান্ধব ডিজিটাল সার্ফিং সিটি হিসেবে গড়ে তোলার জন্য এয়ারটেল বাংলাদেশ লিমিটেডকে পাশে পেয়ে আমি আনন্দিত।”