২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালদীঘি মাঠ থেকে ‘মাইক্রো স্ট্যান্ড’ সরানোর দাবি ছাত্রলীগের

চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘি মাঠে অবৈধভাবে গড়ে ওঠা ‘মাইক্রোবাস স্ট্যান্ড’ আগামী ১৫ দিনের মধ্যে উচ্ছেদের দাবি জানিয়েছে নগর ছাত্রলীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 06:19 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

চট্টগ্রাম নগরীর লালদীঘির পাড় এলাকায় চট্টগ্রাম মহানগর পুলিশ সদর দপ্তরের পাশেই লালদীঘির মাঠ। এর মালিকানা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের।

বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বছরের বিভিন্ন সময়ে এ মাঠে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন সভা-সমাবেশ ও অনুষ্ঠানের আয়োজন করে। লালদীঘি মাঠ ও আশেপাশের বিশাল এলাকাজুড়ে প্রতিবছর বসে বৈশাখী মেলা।  

তবে বেশ কিছুদিন ধরে মাঠের একপ্রান্ত অবৈধভাবে প্রাইভেট কার ও মাইক্রোবাস রাখার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, “ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলনের প্রত্যক্ষ সাক্ষী এই লালদীঘি ময়দান। চট্টগ্রামের রাজনীতির গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতেও এ মাঠের নাম গুরুত্ব সহকারে বিবেচিত হয়। চট্টগ্রামের শত বছরের সাংস্কৃতিক চর্চারও অন্যতম তীর্থস্থানও এ মাঠ।”

কিন্তু অবৈধ দখলের কারণে এ মাঠ ‘ঐতিহ্য হারাতে বসেছে’ বলে বিবৃতিতে হতাশা প্রকাশ করা হয়।

ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় লালদীঘি মাঠ থেকে আগামী ১৫ দিনের মধ্যে ‘অবৈধ গাড়ির স্ট্যান্ড’ উচ্ছেদের দাবি জানিয়ে দেশের অন্যতম প্রাচীন এ ছাত্রসংগঠনটি বলেছে, “তা করা না হলে ছাত্রসমাজকে নিয়ে মাঠ রক্ষায় সর্বাত্মক আন্দোলনের ডাক দেওয়া হবে।”