বঙ্গবন্ধুর সমাধিতে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
নবনিযুক্ত পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এরা হলেন স্বারাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক তার ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এরপর তারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর জন্য দোয়া মোনাজাত করেন।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সেখানে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্যসহ স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদনের পর স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল স্থানীয় সাংবাদিকদের বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার আন্দোলনের ডাক হম্বি তম্বি ছাড়া আর কিছুই নয়।
তার আন্দোলনে মানুষের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ ব্যাপারে একটি কমিটি রয়েছে। সে কমিটিতে আইন মন্ত্রী, পাররাষ্ট্র মন্ত্রী ও আমি রয়েছি।
“কমিটি খুনিদের ফিরিয়ে আনতে বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে কাজ করছে।”
রাজন হত্যার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এ ঘটনায় কেউ পার পাবে না। সৌদি আরবে গ্রেপ্তার আসামিকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, সমুদ্রে মানব পাচারকারী, সহয়তাকারী, আশ্রয়দাতাসহ সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বল্প খরচে সহজে বিদেশে মানুষ পাঠানোর ব্যবস্থা করে সমুদ্র পথে মানবপাচার বন্ধ করা হবে বলে জানান তিনি।
সৌদি আরবের মহিলাকর্মী পাঠানো বিরুপ প্রচার প্রচারনায় পড়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা ইতিমধ্যে মহিলাকর্মী সেখানে পাঠানো শুরু করেছি।”
এ ব্যাপারে পক্ষে প্রচার প্রচার করে মহিলাকর্মী প্রেরন ত্বরান্বিত করা হবে বলে জানান তিনি।
মালয়েশিয়াসহ সব দেশের সঙ্গে শ্রম বাজার চালু করে সেখানে অনেক শ্রমশক্তি পাঠানো হবে বলেও তিনি জানান।
ডাক তার ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে গতিশীল করা এবং অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করার প্রতিশ্রুত দেন।
শ্রদ্ধা নিবেদনের সময় গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক চৌধূরী এমদাদুল হক, আওয়ামী লীগ নেতা মাহাবুব আলী খান, শেখ আব্দুল হালিম, সেলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র মো. ইলিয়াস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
