ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যা ও লুণ্ঠনের মামলার আসমিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে।
ঢাকার আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার জজ আদালতের বিশেষ এজলাসে মঙ্গলবার সকাল ১০টায় শুনানি শুরু হয়।
বিদ্রোহের সময় সরকারের সঙ্গে আলোচনায় নেতৃত্বদানকারী বিডিআরের উপসহকারী পরিচালক তৌহিদুর রহমানের বিরুদ্ধে প্রথম অভিযোগ উপস্থাপন করা হয়।
গত ২৮ মার্চ এজাহার উপস্থাপনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়।
এর আগে আদালতের নির্দেশে এ মামলার অধিকতর তদন্তের পর গত ২১ মার্চ সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। তাতে আগের আসামিদের সঙ্গে ২৬ জন যোগ হওয়ায় আসামির সংখ্যা ৮৫০ জনে দাঁড়ায়।
২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা ও লুণ্ঠনের অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলায় দুটি অভিযোগপত্র দেয় সিআইডি।
হত্যা ও লুণ্ঠনের মামলার আসামির সংখ্যা ৮৫০ জন হলেও বিস্ফোরক আইনে দাখিল করা অভিযোগপত্রে ৮৩৪ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে ২৩ জন বেসামরিক ব্যক্তিও রয়েছেন।
বিডিআর আদালতে বিদ্রোহের বিচার শুরুর এক বছরের বেশি সময় পর গত ৫ জানুয়ারি পিলখানায় ফৌজদারি অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়।
বিশাল সংখ্যক আসামির একত্রে বিচারের সুবিধার জন্য আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ২৭৫ ফুট দীর্ঘ একটি টিনশেড ভবনে কঠোর নিরাপত্তায় চলছে অস্থায়ী এ আদালতের কাজ।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ওই বিদ্রোহের ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
বিদ্রোহের সময় হত্যা, লুটপাট, ধর্ষণসহ ফৌজদারি অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গত বছরের ১২ জুলাই বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুসহ ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি।
রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে সীমান্ত রক্ষী বাহিনী পুনর্গঠনের অংশ হিসেবে এ বাহিনীর নাম বদলে এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১১১১ ঘ.
bdnews24